ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ওজন ও পরিমাপে ন্যায্যতা বজায় রাখা ইসলামি অর্থনীতির একটি মূল ভিত্তি। এটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে, পবিত্র কোরআনে এটিকে একত্ববাদের আহ্বানের পাশাপাশি স্থান দেওয়া হয়েছে এবং এর লঙ্ঘনকারীদের জন্য ঘোষণা করা হয়েছে চরম দুর্ভোগ। ওজনে ও পরিমাণে কম দেওয়া এক ধরনের ধোঁকাবাজি ও প্রতারণা, যার বিরুদ্ধে আল্লাহতায়ালা বারবার হুঁশিয়ারি দিয়েছেন।
কোরআনে ওজনে কম দেওয়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
আল্লাহতায়ালা সৎ লেনদেনের প্রতি মানুষকে উৎসাহিত করেছেন এবং এর সীমা লঙ্ঘনকারীদের পরিণতি বর্ণনা করেছেন অত্যন্ত গুরুত্বের সঙ্গে:
১. ন্যায়সঙ্গত পরিপূর্ণতার নির্দেশ: সুরা আনআমের শেষে দশটি মৌলিক উপদেশের মধ্যে এটিও উল্লেখ করা হয়েছে। আল্লাহতায়ালা বলেন, আর তোমরা পরিমাপ ও ওজন ন্যায়সঙ্গত পরিপূর্ণ করো। আমি কাউকে তার সাধ্যাতীত দায়িত্ব অর্পণ করি না। (সুরা আনআম, ১৫২)
এখানে আল্লাহতায়ালা স্বীকার করেছেন যে, যথাযথ ন্যায্যতা আমাদের সাধ্যাতীত হতে পারে, তাই পরিমাপ ওজনে যথাসম্ভব ন্যায্যতা ও সমতা বজায় রাখার চেষ্টা করতে হবে। ‘আমি কাউকে তার সাধ্যাতীত দায়িত্ব অর্পণ করি না’— এই বাক্যটি মুমিনদের জন্য এক স্বস্তির বার্তা, যা প্রমাণ করে যে, চেষ্টার ত্রুটি না থাকলে আল্লাহ অবশ্যই ক্ষমাশীল।
২. উত্তম ও উৎকৃষ্ট পরিণামের ওয়াদা: অন্য আয়াতে আল্লাহতায়ালা পরিমাপ পরিপূর্ণ করার নির্দেশ দিয়ে বলেন, আর মেপে দেওয়ার সময় তোমরা পরিমাপ পরিপূর্ণ করে দাও এবং সঠিক দাঁড়িপাল্লায় ওজন করো। এটাই উত্তম এবং পরিণামে উৎকৃষ্ট। (সুরা বনি ইসরাঈল, ৩৫)
৩. ওয়াইল বা দুর্ভোগের ঘোষণা: যারা মানুষের পাওনা দিতে গিয়ে কম দেয়, তাদের জন্য আল্লাহতায়ালা অত্যন্ত কঠোর শব্দ ‘ওয়াইল’ (মহাদুর্ভোগ) ব্যবহার করেছেন।
‘যারা ওজনে কম দেয় তাদের জন্য দুর্ভোগ। যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয়, তখন পূর্ণমাত্রায় নেয়। আর যখন লোকজনকে মেপে দেয় কিংবা ওজন করে দেয়, তখন কম দেয়। তারা কি ভেবে দেখে না যে, তারা পুনরুত্থিত হবে? সেই মহাদিবসে, যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব প্রতিপালকের সামনে।’ (সুরা মুতাফফিফীন, ১-৬)
এই আয়াতে স্পষ্ট করে বলা হয়েছে যে, যারা নিজের পাওনা নিতে পূর্ণমাত্রায় নেয়, কিন্তু অন্যকে দেওয়ার সময় কম দেয়— তাদের এই দ্বিচারিতা মূলত পরকালের প্রতি অবিশ্বাস থেকে আসে। এই অপরাধ কোনো ছোট বিষয় নয়; এটি আল্লাহতায়ালার সামনে দাঁড়ানোর মহাদিবসের কথা স্মরণ করিয়ে দেয়।
শুআইব (আ.)-এর সম্প্রদায়ের ঘটনা
কোরআনে একটি বিশেষ সম্প্রদায়ের কথা বর্ণিত হয়েছে, যারা লেনদেনে এই গুরুতর অনিয়মটি করত। ওজনে ও পরিমাপে কম দিয়ে তারা মানুষকে ঠকাত। তখন আল্লাহতায়ালা তাদের কাছে একজন রাসুল প্রেরণ করলেন, যিনি তাদেরকে একত্ববাদের পাশাপাশি সংশোধন ও ন্যায়পরায়ণতার পথে ডাকবেন।
এরা ছিলেন শুআইব (আ.)-এর সম্প্রদায়। তিনি ছিলেন তাদের দাঈ ও সতর্ককারী। কোরআনের ভাষায় তিনি তাদের বারবার হুঁশিয়ারি দিয়েছেন, ওজন পূর্ণ করো এবং তাদের অন্তর্ভুক্ত হয়ো না, যারা মাপে কম দেয়। আর তোমরা সঠিক দাঁড়িপাল্লায় ওজন করো। মানুষকে তাদের (ক্রয়কৃত) বস্তু কম দিয়ো না এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে বেড়িয়ো না। চোরাই পণ্য কেনা হারাম।
লেখক: আলেম ও সাংবাদিক