২০২৬ বিশ্বকাপের ফাইনাল ফুটবলপ্রেমীদের জন্য নিয়ে এসেছে এক অসাধারণ চমক। একদিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন, অন্যদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ও দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মাঠের লড়াই যেমন শিরোপার, তেমনি ডাগআউটেও অপেক্ষা করছে এক বিরল দ্বৈরথ। মুখোমুখি হচ্ছেন শিক্ষক লুইস দে লা ফুয়েন্তে এবং তারই সাবেক ছাত্র লিওনেল স্কালোনি।
সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করে স্পেন। অন্যদিকে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখে আর্জেন্টিনা। ফলে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে এবার মুখোমুখি হচ্ছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে সফল দুই দল।
স্পেন ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের হাতছানি পাচ্ছে। অন্যদিকে স্কালোনির আর্জেন্টিনার সামনে ইতিহাস গড়ার সুযোগ। ১৯৬২ সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়তে চায় আলবিসেলেস্তেরা।
তবে এই ফাইনালের সবচেয়ে আকর্ষণীয় অধ্যায় দুই কোচের ব্যক্তিগত সম্পর্ক। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) লা রোজাস কোচিং একাডেমিতে দে লা ফুয়েন্তে ছিলেন প্রশিক্ষক, আর স্কালোনি ছিলেন তার ছাত্র। ২০১৭ সালে খেলোয়াড়ি জীবন শেষ করার পর কোচিং লাইসেন্স অর্জনের জন্য ওই কোর্সে অংশ নেন স্কালোনি। সেখানেই শুরু হয় তাদের পেশাগত সম্পর্ক, যা সময়ের সঙ্গে গভীর বন্ধুত্বে রূপ নেয়।
দে লা ফুয়েন্তে বলেন, ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারলে তিনি খুশি হবেন। সেটি প্রতিপক্ষকে হালকাভাবে দেখার কারণে নয়; বরং নিজের সাবেক ছাত্র ও বন্ধু স্কালোনির বিপক্ষে এমন ঐতিহাসিক ম্যাচে অংশ নেওয়ার অনুভূতি থেকেই।
তবে বন্ধুত্ব মাঠের বাইরে। ফাইনাল প্রসঙ্গে স্কালোনি মজা করে বলেন, ‘আমাদের দিনটা যদি ভালো না যায়, তাহলে আমি তাকে ফোন করব। কিন্তু যদি ফাইনালে তার মুখোমুখি হতে হয়, তাহলে আশা করি ফাইনালের আগে আর কোনো কথা হবে না।’