ঢাকা ৩ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ১৮ জুলাই ২০২৬

সর্বশেষ
ওয়াহবির অধীনেই ২০৩০ বিশ্বকাপ খেলবে মরক্কো উত্তরাঞ্চলের পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস জন্মবার্ষিকীতে স্মরণ: আবুল হাসনাত ছিলেন মননের নির্মাতা বিশ্বকাপে ইংল্যান্ড: ৬০ বছরের অপূর্ণতার গল্প কঙ্গোয় মরদেহ পরিবহনে ইবোলা ছড়ানোর নতুন ঝুঁকি: জাতিসংঘ শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল মেক্সিকো উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ২ মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত চাচি গ্রেপ্তার না ফেরার দেশে ক্রিকেট কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স সেই মেটলাইফেই শিরোপার লড়াইয়ে মেসি জাতিসংঘে গণপূর্ত প্রতিমন্ত্রী: জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে: মির্জা ফখরুল ফরিদপুরে কলেজছাত্র হত্যা, প্রতিপক্ষের বাড়িতে তাণ্ডব স্কুলের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে হিলিতে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন কাশিমপুর কারাগার থেকে নারী বন্দী উধাও! সিরিজে সমতা আনল বাংলাদেশ হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে তিন ওয়ার্ড প্লাবিত, চরম দুর্ভোগে হাজারো মানুষ বেলুচিস্তানে রক্তক্ষয়ী হামলা, ৪৫ সেনা হত্যার দাবি প্রশাসনের ব্যাখ্যা নেই, ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য বর্ষার রঙে মাতল ঢাকা, আয় বন্যার্তদের জন্য কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছোটাছুটি সাতকানিয়ায় বন্যাকবলিত সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান ডিজিটাল তথ্যভাণ্ডারে যুক্ত হচ্ছেন ৪৩ লাখ কৃষক: কৃষিমন্ত্রী কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, শনিবার খোলা হবে ১৬ জলকপাট সাগরে বৈরী আবহাওয়া, ৩ নম্বর সতর্ক সংকেত জারি কাবাডি মাঠে জাইমা রহমান, বাংলাদেশের দুর্দান্ত জয় মনপুরায় মেঘনার পানি বিপৎসীমার ওপরে, পানিবন্দি ১০ হাজার মানুষ হামের উপসর্গে মৃত্যু বাড়ছে, মোট প্রাণহানি ৭৮০ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে হবে: ফারুক ওয়াসিফ

স্কুলের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৯:২৬ পিএম
আপডেট: ১৭ জুলাই ২০২৬, ০৯:৩৪ পিএম
স্কুলের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে
কন্টেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা নুরুজ্জামান কাফি। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের রেকর্ডভুক্ত জমি দখল করে রাস্তা নির্মানের অভিযোগ উঠেছে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা নুরুজ্জামান কাফির বিরুদ্ধে।

অবৈধভাবে রাস্তা নির্মাণে বাধা দিলে কাফি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিমকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। প্রায় এক সপ্তাহ আগে কাফি তার ক্রয়কৃত জমিতে প্রবেশের জন্য ওই রাস্তাটি নির্মান করেন।

কাফি ২০২৬ সালের ২৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৫৪ সালে রজপাড়া মৌজার খঞ্জন আলী হাওলাদারের কাছ থেকে ৩ একর ৩৩ শতাংশ, ১৯৫৯ সালে মোবারক আলীর কাছ থেকে ৩ একর ৩৩ শতাংশ, ১৯৬৭ সালে এডিএফসি ব্যাংকের নিলাম থেকে ২৯ একর ১৮ শতাংশ এবং এরপরে বিভিন্ন সময়ে আরও কয়েকজন মালিকের কাছ থেকে ৪ একর ৮০ শতাংশ জমি ক্রয় করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এ সব জমি বছরের পর বছর বিদ্যালয় কর্তৃপক্ষ ভোগ দখল করে আসছে। সর্বমোট ৪০ একর ৬৪ শতাংশ জমির মধ্যে রজপাড়া মৌজার জেএল নং-৯ এর বিএস ১২নং খতিয়ানের ২১ একর ৭৬ শতাংশ জমির খাজনা বঙ্গাব্দ ১৪৩২ সাল পর্যন্ত পরিশোধ করা। 

বিদ্যালয়টি ২০১৮ সালে জাতীয়করনের পর পরই সরকারী বিধি অনুযায়ী এসব জমি শিক্ষা মন্ত্রনালয়ের সচিবের নামে দলিল করে দেওয়া হয়েছে। গত সপ্তাহে এ জমির মধ্য থেকে সিক্সলেন সড়কের উত্তর পাশের ৬ শতাংশ জমি দখল করে নুরুজ্জামান কাফি সড়ক নির্মান করে। বিদ্যালয়ে ওই জমির পাশে কাফির রেকর্ডকৃত জমি রয়েছে। তার জমিতে প্রবেশের পথ না থাকার কারনে তিনি সড়ক নির্মান করেছেন বলে জানা গেছে।

তিনি বলেন, গত এক সপ্তাহ আগে রাতের আঁধারে কন্টেন্ট ক্রিকেটার নুরুজ্জামান কাফি সিক্সলেনের পাশে অবস্থিত ২১ একর ৭৬ শতাংশ জমির মধ্য থেকে ৬ শতাংশের মতো জমি দখল করে রাস্তা নির্মান করে। আমরা বিষয়টি জেনে রাস্তা নির্মাণে বাধা দিলে উল্টো আমাদের জীবননাশের হুমকি দেন। জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। 

সংবাদ সম্মেলনে কাফি জানান, সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত সংবাদে তাকে এবং তার রাজনৈতিক দল এনসিপিকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি বলেন, প্রচারিত সংবাদে বলা হয়েছে আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমকে বিভিন্নভাবে হুমকি দিয়েছি। এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমার জীবনে সম্ভবত দুই থেকে তিনবারের বেশি প্রধান শিক্ষকের সঙ্গে কথা হয়নি। আমি সবসময় অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে কথা বলেছি। একজন শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার প্রশ্নই আসে না।

কাফির দাবি, প্রায় এক বছর আগে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে নিজের ছয় শতাংশ জমিতে যাতায়াতের জন্য একটি রাস্তার ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ করেছিলেন। তখন প্রধান শিক্ষক তাকে জানান, এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার তার নেই।

তিনি আরও জানান, আমি যাদের কাছ থেকে জমি কিনেছি, তাদের সঙ্গে বিদ্যালয়ের ৩০ থেকে ৪০ বছরের একটি মামলা চলমান ছিল। প্রায় এক বছর আগে তারা মামলায় রায় পান। সেই রায়ের ভিত্তিতেই তারা আমাকে চলাচলের জন্য রাস্তার জায়গা বুঝিয়ে দিয়েছেন। আমি তাদের বুঝিয়ে দেওয়া জায়গাতেই রাস্তা নির্মাণ করেছি, বিদ্যালয়ের কোনো জমিতে নয়।

জমির মালিক মো. সালাউদ্দিন নয়নও কাফির বক্তব্যের সমর্থন করে বলেন, আমরা কাফিকে ছয় শতাংশ জমি রাস্তা নির্মাণের জন্য দিয়েছি। বিদ্যালয়ের সঙ্গে আমাদের দীর্ঘদিন মামলা চলেছে। সুপ্রিমকোর্ট থেকে আমরা আমাদের পক্ষে রায় পেয়েছি। এটি আমাদের পৈতৃক সম্পত্তি। আগে বিদ্যালয় জমিটি ভোগদখলে রাখলেও মামলার রায়ের পর বর্তমানে আমরা দখলে আছি এবং সেখানে চাষাবাদ করছি। বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, গত সপ্তাহে তাদের রেকর্ডভুক্ত জমির সিক্স লেন সড়কের উত্তর পাশের প্রায় ছয় শতাংশ জমি দখল করে নুরুজ্জামান কাফি রাস্তা নির্মাণ করেছেন। যদিও ওই জমির পাশেই কাফির রেকর্ডভুক্ত ব্যক্তিগত জমি রয়েছে।

খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম জানিয়েছেন, বিতর্কিত জমিটি বিদ্যালয়ের ক্রয়কৃত সম্পত্তি এবং দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ভোগদখলে রয়েছে। জমিটির মালিকানা নিয়ে বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। এর মধ্যেই নুরুজ্জামান কাফি জোরপূর্বক ওই জমি দখল করে রাস্তা নির্মাণ করেছেন বলে বিদ্যালয়ের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

প্রাণনাশের হুমকির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তিনি আদালতেই বক্তব্য উপস্থাপন করবেন। এ মুহূর্তে এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাই না।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেছেন, কনটেন্ট ক্রিয়েটর কাফি একটি জমি ক্রয় করেছেন। সেখানে স্কুলের দাবি করা জায়গায় রাস্তা নির্মাণের বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। একই জমির মালিকানা স্কুল এবং স্থানীয় একটি পরিবার উভয়েই দাবি করছে। বিষয়টি নিয়ে মামলা চলমান রয়েছে এবং এখনো চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে, সেদিকে প্রশাসন নজর রাখছে।

হাসিবুর রহমান/রিফাত/

জুলাই সনদে বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ: মির্জা ফখরুল

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৪:২৬ পিএম
আপডেট: ১৭ জুলাই ২০২৬, ০৫:৫০ পিএম
জুলাই সনদে বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ: মির্জা ফখরুল
ছবি: খবরের কাগজ

জুলাই সনদ নিয়ে বিরোধীদল জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জুলাই সনদে প্রতিটি অক্ষর আমরা বারবার করে বলছি যে আমরাই বাস্তবায়িত করতে আমরা অঙ্গীকারবদ্ধ।

জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভায় একথা বলেন।

তিনি বলেন, ‘আমরা আজকে অনেকগুলো কথা প্রশ্নের সম্মুখিন হচ্ছি। আমাদের বিরোধী দল থেকে বলা হচ্ছে, জুলাই সনদ বাস্তবায়নের দাবি সংসদে আদায় না হলে রাজপথের ফায়সালা হবে।’

‘আমার কাছে মনে হয়, জনগণেকে বিভ্রান্ত করার জন্য এই প্রশ্ন তোলা হচ্ছে। জুলাই সনদ আমরা স্বাক্ষর করেছি একসাথে। যে সমস্ত দল আমরা আন্দোলন করেছি একসাথেই তারা সবাই স্বাক্ষর করেছি। জুলাই সনদে প্রতিটি অক্ষর আমরা বারবার করে বলছি যে আমরাই বাস্তবায়িত কর এটাতে আমরা অঙ্গীকারবদ্ধ।’

গণভোট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘যে গণভোটের কথা বলা হচ্ছে, সেই গণভোটের একটা অংশে তো আমাদের সঙ্গে কোন আলোচনাই হয়নি। আমরা বারবার করে যে কথা বলতে চাচ্ছি যে, আমরা উচ্চকক্ষে অনুপাতিক হারে ভোটে যে প্রতিনিধিত্ব হবে সেই বিষয়টাতে আমরা কখনোই একমত হইনি এবং সে সময়ে স্টেটমেন্ট দিয়েছিলাম আমি নিজেই যে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। সেই সংস্কার কমিশন-রিফর্ম কমিশন তারা যে কথাগুলো সেদিন যেভাবে নিয়ে এসছেন আমাদের কনসেন্ট ছাড়া তারা নিয়ে আসছেন।’

‘জুলাই সনদের বইটা যদি আপনারা পড়েন সেখানে প্রতিটি জায়গায় বলা আছে যে, যে দল নির্বাচিত হবে তারা তাদের ম্যানিফেস্টো অনুযায়ী সেটাকে বাস্তবায়িত করবে। আমরা বারবারই এই কথা বলে এসেছি এবং উই আর কমিটেড। আমরা ৩১ দফাতে যেমন কমিটেড ঠিক তেমনিভাবে আমরা কমিটেড হচ্ছি জুলাই সনদ বাস্তবায়নে। কিন্তু সেটা আমরা যেভাবে চেয়েছি সেভাবে আমরা বলছি। এখানে বিরোধী দল সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা দিচ্ছে যে, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না।’

মির্জা ফখরুল বলেন, ‘সংস্কারের কথা বলে। সংস্কার এদেশে কারা এনেছে? বিএনপি এনেছে। একদলের শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র বিএনপি নিয়ে এসেছে, প্রেসিডেনশিয়াল ফর্ম গভমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভমেন্ট বিএনপি নিয়ে এসেছে।’

তিনি বলেন, ‘এখন বিরোধী যারা আছেন তারা অনেকে বিভিন্ন রকম মুখরোচক কথা বলে জনগণকে আপনি উত্তেজিত করবার চেষ্টা করছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘এখন যে কথাগুলো নিয়ে তাদের কথা সংবিধান সংস্কার আর সংবিধান সংশোধন। আমরা তো বরাবরই বলে এসছি যে, আমরা সংবিধান সংশোধন করতে চাই। আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলিনি।’

এএফ/

১১-দলীয় জামায়াত জোটে ভাঙনের সুর

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৯:৫১ এএম
আপডেট: ১৭ জুলাই ২০২৬, ০৯:৫২ এএম
১১-দলীয় জামায়াত জোটে ভাঙনের সুর
ছবি: সংগৃহীত

কওমি-ঘরানার দলগুলো হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর নেতৃত্বে ফের ঐক্যবদ্ধ হচ্ছে। এর মধ্যে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের কয়েকটি শরিক দলও রয়েছে। জোট থেকে এসব দল বের হয়ে কওমি ধারার দলগুলোর বৃহত্তর ঐক্যের রূপরেখা তৈরির কাজ শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়িতে সাতটি দলের শীর্ষ নেতাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে ১০ দিনের মধ্যে হেফাজত আমিরের কাছে রূপরেখার প্রস্তাবনা জমা দেওয়ারও সিদ্ধান্ত হয়। 

ফটিকছড়ি উপজেলার বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আহ্বানে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রতিটি দলের তিনজন করে নেতা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, বৈঠকে জামায়াতে ইসলামীর জোট থেকে কয়েকটি কওমি-ঘরানার দলকে বের করে বৃহত্তর ইসলামি ঐক্যে সম্পৃক্ত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনায় আসে। তবে এ নিয়ে দলগুলো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা লিখিত ঘোষণা দেয়নি। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ইসলামি দলগুলোর পারস্পরিক সমন্বয় ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সম্প্রতি হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের বৈঠকেও কওমি-ঘরানার দলগুলোর ঐক্যের বিষয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

জানতে চাইলে হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা সালাহউদ্দীন নানুপুরী খবরের কাগজকে বৈঠকের কথা নিশ্চিত করে বলেন, তিনি বৈঠকে অংশ নিয়েছেন। বৈঠকে সবাই যে যার মতো মতামত তুলে ধরেন। সবাই একমত হন দলগুলো হেফাজতে ইসলামের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তবে ঐক্যের কাঠামো ও রূপরেখা নিয়ে আরও আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

বৈঠক শেষে হেফাজতে ইসলামের মহাসচিব মুফতি সাজিদুর রহমান এক ভিডিও বার্তায় দেশের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান। এ ছাড়া স্বার্থ ও মানবিক দায়িত্ব পালনের বিষয়গুলো বৈঠকে আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন।

বৈঠকে অংশগ্রহণকারী হেফাজতে ইসলামের সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক এবং কাজির হাট এমদাদুল ইসলাম মাদ্রাসার মুহতামিম মাওলানা জুনায়েদ বিন জালাল খবরের কাগজকে জানান, প্রত্যেক দল থেকে তিনজন করে শীর্ষ নেতা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে জোট গঠনের বিষয়ে সার্বিক আলোচনা হয়েছে। এগিয়ে যাওয়ার রূপরেখা তৈরি করার জন্য কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে আরও বৈঠকের মাধ্যমে রূপরেখা ঠিক করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হেফাজতে ইসলামের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে একমত হয়েছেন। জামায়াতে ইসলামী জোটে থাকা কওমি-ঘরানার দলগুলো কি উভয় জোটে থাকবে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, থাকার তো কথা না।

তিনি জানান, বৈঠকে অংশ নেওয়া সাতটি দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট এবং নেজামে ইসলাম পার্টি। 

বৈঠকে হেফাজত আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, মহাসচিব মুফতি সাজিদুর রহমান, মাওলানা মামুনুল হক, হেফাজতের সিনিয়র নায়েবে আমির মুফতি খলিল আহমদ কাসেমী, নায়েবে আমির মাওলানা জসিম উদ্দিন ও মাওলানা সালাহউদ্দীন নানুপুরী, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাহফুজুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমীসহ দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুলের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে ফিনল্যান্ড বিএনপি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৭:৪৮ পিএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০৭:৫৬ পিএম
মির্জা ফখরুলের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে ফিনল্যান্ড বিএনপি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি, সাধারণ সম্পাদক জামান সরকার ও সাংগঠনিক সম্পাদক সামসুল গাজী।

বৃহস্পতিবার (১৬ জুলাই) এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন পরীক্ষিত, ত্যাগী ও দূরদর্শী নেতা। দেশের গণতন্ত্র, জনগণের ভোটাধিকার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অনস্বীকার্য।’

তারা আরও বলেন, ‘আমরা মহান আল্লাহর কাছে তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি। একই সঙ্গে দেশে-বিদেশে অবস্থানরত দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া করার আহ্বান জানাচ্ছি।’

বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) আয়োজিত রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রচণ্ড গরমের মধ্যে বক্তব্যের শেষ পর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে দ্রুত বাসায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

ফিনল্যান্ড বিএনপির নেতারা আশা প্রকাশ করে বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত সুস্থ হয়ে আবারও দেশ ও জনগণের কল্যাণে তার রাজনৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন।

জামান/এএফ

বরিশালে ১১ দলীয় জোটের সমাবেশ ঘিরে প্রস্তুতি জোরদার

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৬:৩৪ পিএম
বরিশালে ১১ দলীয় জোটের সমাবেশ ঘিরে প্রস্তুতি জোরদার
ছবি: খবরের কাগজ

আগামী ১৮ জুলাই বরিশালে অনুষ্ঠেয় ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করেছে জোটভুক্ত দলগুলো। সমাবেশ সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে প্রস্তুতি সভা, প্রচার কার্যক্রম এবং দায়িত্ব বণ্টনের কাজ চলছে বলে জানিয়েছেন জোটের নেতারা। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, ‘গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবিতে নগরের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি দল-মত-নির্বিশেষে সর্বস্তরের মানুষকে শান্তিপূর্ণভাবে সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানান।

মুয়াযযম হোসাইন হেলাল বলেন, ‘সমাবেশে কয়েক লাখ মানুষের উপস্থিতি নিশ্চিত করতে প্রতিটি জেলা ও উপজেলায় একাধিক প্রস্তুতি সভা করা হয়েছে। সাংগঠনিক প্রস্তুতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি, প্রচার কার্যক্রম ও বিভিন্ন পর্যায়ের দায়িত্ব বণ্টনের কাজও চলছে।’

তিনি জানান, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বক্তব্য দেবেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম), জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আবদুল কাইয়ুম সুবহানী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন।

এ ছাড়া জোটের কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতারাও বক্তব্য দেবেন।

এ সময়ে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, বরিশাল অঞ্চল টিম সদস্য অধ্যাপক শাহ আলম, এবি পার্টির বরিশাল মহানগর ও জেলা সমন্বয়ক জিএম রাব্বি, জাগপার বরিশাল জেলা সভাপতি মো. মনির হোসেন, এনসিপির বরিশাল জেলা সেক্রেটারি আবু সাঈদ খান, বাংলাদেশ লেবার পার্টির বরিশাল মহানগর সভাপতি এস. এম. সোহেল মাহমুদ, জেলা সভাপতি ইঞ্জিনিয়ার শাহাদাৎ হোসাইনসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সবুজ/রিফাত/

মিঠামইনে বিএনপি সভাপতি জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৯:১৫ এএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০৯:১৭ এএম
মিঠামইনে বিএনপি সভাপতি জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা
জাহিদুল আলম জাহাঙ্গীর

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) অ্যাডভোকেট জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে কামালপুর বেড়িবাঁধ এলাকায় নিজ বাগানবাড়ির সামনে হামলার শিকার হন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিঠামইন বাজার থেকে বাড়ি ফেরার পথে নিজ বাগানবাড়ির সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে। এ সময় সঙ্গে থাকা আরও একজনকে কুপিয়ে আহত করা হয়। ঘটনার সময় জাহাঙ্গীরের বাগানবাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

মিঠামইন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল আউয়াল বলেন, 'দূর্বৃত্তরা রাতের আঁধারে পরিকল্পিতভাবে জাহাঙ্গীর ভাইকে হত্যা করেছে। এই ঘটনা অত্যন্ত নিখুঁত পরিকল্পিত। জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।'

ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে পুলিশ। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং পলাতক হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। হামলার কারণ উদঘাটনেও তদন্ত চলছে।'

তাসলিমা আক্তার মিতু/তামান্না রুপা/