চট্টগ্রামের সাতকানিয়ায় ভয়াবহ বন্যা পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় বন্যাকবলিত সহস্রাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) দিনব্যাপী সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর রামপুর বায়তুশ শরফ কমপ্লেক্সে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
উত্তর রামপুর বায়তুশ শরফ কমপ্লেক্স পরিচালনা কমিটি ও উত্তর রামপুর ইসলামী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের সহযোগিতায় এই মানবিক কর্মসূচি সম্পন্ন হয়।
দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহাজাহান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বন্যা পরবর্তী সময়ে দুর্গত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।’
এই মানবিক উদ্যোগের সাথে সংশ্লিষ্ট সবাইকে এবং সহযোগিতার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।
আয়োজকদের পক্ষ থেকে সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ জসীম উদ্দীন বলেন, ‘সাম্প্রতিক বন্যার কারণে পানিবাহিত রোগ, চর্মরোগ, জ্বর, সর্দি-কাশিসহ নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন সাধারণ মানুষ। তাদের সেবাপ্রাপ্তি নিশ্চিত করতেই আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্প। আমাদের আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ।’
সাতকানিয়া সরকারি কলেজের শিক্ষার্থী রাফিদুল ইসলাম বলেন, ‘বন্যার ক্ষয়ক্ষতির কারণে অনেকের জন্যই চিকিৎসা ও ওষুধ কেনা কঠিন হয়ে পড়েছিল। এই ক্যাম্পের মাধ্যমে আমাদের এলাকার অসংখ্য মানুষ ফ্রিতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সেবা পেয়ে উপকৃত হয়েছেন।’
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের ডিরেক্টর ডা. নুরুন্নবী, সাতকানিয়া পৌরসভা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, সাবেক ছাত্রনেতা তৌহিদ উদ্দিন আজাদ, চট্টগ্রাম মহানগরী জামায়াত নেতা মো. আলমগীর এবং বিশিষ্ট সমাজসেবক আব্দুর রহিম, মো. হারুন ও মহসিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরিফুল/এএফ