সারা দেশে মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে রংপুর বিভাগের প্রধান তিন নদী তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারে পানি বেড়ে যাওয়ায় লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
শুক্রবার (১৭ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে। এই লঘুচাপ এখন উত্তর উড়িষ্যা, বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় লঘুচাপ হিসেবে অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। দেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে।
আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন দেশের সিলেট বিভাগে এবং উজানে ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ প্রদেশে মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি সমতল আগামী তিন দিন বাড়বে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তিস্তা নদী ডালিয়া, কাউনিয়া ও হরিপুর স্টেশনে সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে। এ ছাড়া আত্রাই নদী আত্রাই (নওগাঁ) ও ছোট যমুনা নদী নওগাঁ স্টেশনে সতর্কসীমায় রয়েছে। এই পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিন ব্রহ্মপুত্র, যমুনার পানি বাড়তে থাকায় জামালপুর ও বগুড়ার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সর্বশেষ তথ্যানুযায়ী, সিলেটের কুশিয়ারা নদী মারকুলি (সুনামগঞ্জ) স্টেশনে মৌসুমি বিপৎসীমার তুলনায় ১৬ সেন্টিমিটার এবং ফেঞ্চুগঞ্জ (সিলেট) স্টেশনে ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদী ছাতক ও কুশিয়ারা নদী শেরপুর স্টেশনে সতর্কসীমায় রয়েছে। তবে আগামী তিন দিন বৃষ্টিপাতের প্রভাবে এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। এতে সুরমা-কুশিয়ারা নদীসংলগ্ন সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।
সোমেশ্বরী নদী কলমাকান্দা (নেত্রকোনা) স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উপকূলীয় নদী অববাহিকায় বরিশাল ও খুলনা বিভাগের নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার বিরাজ করছে, যা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে।
মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।