ঢাকা ৩ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ১৮ জুলাই ২০২৬

সর্বশেষ
ওয়াহবির অধীনেই ২০৩০ বিশ্বকাপ খেলবে মরক্কো উত্তরাঞ্চলের পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস জন্মবার্ষিকীতে স্মরণ: আবুল হাসনাত ছিলেন মননের নির্মাতা বিশ্বকাপে ইংল্যান্ড: ৬০ বছরের অপূর্ণতার গল্প কঙ্গোয় মরদেহ পরিবহনে ইবোলা ছড়ানোর নতুন ঝুঁকি: জাতিসংঘ শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল মেক্সিকো উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ২ মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত চাচি গ্রেপ্তার না ফেরার দেশে ক্রিকেট কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স সেই মেটলাইফেই শিরোপার লড়াইয়ে মেসি জাতিসংঘে গণপূর্ত প্রতিমন্ত্রী: জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে: মির্জা ফখরুল ফরিদপুরে কলেজছাত্র হত্যা, প্রতিপক্ষের বাড়িতে তাণ্ডব স্কুলের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে হিলিতে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন কাশিমপুর কারাগার থেকে নারী বন্দী উধাও! সিরিজে সমতা আনল বাংলাদেশ হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে তিন ওয়ার্ড প্লাবিত, চরম দুর্ভোগে হাজারো মানুষ বেলুচিস্তানে রক্তক্ষয়ী হামলা, ৪৫ সেনা হত্যার দাবি প্রশাসনের ব্যাখ্যা নেই, ভাঙা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য বর্ষার রঙে মাতল ঢাকা, আয় বন্যার্তদের জন্য কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছোটাছুটি সাতকানিয়ায় বন্যাকবলিত সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান ডিজিটাল তথ্যভাণ্ডারে যুক্ত হচ্ছেন ৪৩ লাখ কৃষক: কৃষিমন্ত্রী কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, শনিবার খোলা হবে ১৬ জলকপাট সাগরে বৈরী আবহাওয়া, ৩ নম্বর সতর্ক সংকেত জারি কাবাডি মাঠে জাইমা রহমান, বাংলাদেশের দুর্দান্ত জয় মনপুরায় মেঘনার পানি বিপৎসীমার ওপরে, পানিবন্দি ১০ হাজার মানুষ হামের উপসর্গে মৃত্যু বাড়ছে, মোট প্রাণহানি ৭৮০ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে হবে: ফারুক ওয়াসিফ

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে হবে: ফারুক ওয়াসিফ

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৬:১১ পিএম
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে হবে: ফারুক ওয়াসিফ
ছবি: খবরের কাগজ

প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল এই সময়ে সাংবাদিকদেরও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

তিনি বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট চেকিং সাংবাদিকতার গুরুত্বপূর্ণ সহায়ক প্রযুক্তি। তবে এসব প্রযুক্তির ব্যবহার যতই বাড়ুক, প্রতিটি তথ্য প্রকাশের আগে নির্ভরযোগ্য উৎস থেকে যথাযথ যাচাই করাই হবে সাংবাদিকতার সবচেয়ে বড় দায়িত্ব।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে রাজশাহীর সমাজসেবা অধিদপ্তরের সভাকক্ষে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) তত্ত্বাবধানে এবং পিআইবির আয়োজনে তিন দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরে প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন তিনি।

ফারুক ওয়াসিফ বলেন, বস্তুনিষ্ঠ ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশনের জন্য প্রযুক্তিকে দক্ষতার সঙ্গে কাজে লাগাতে হবে। ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলায় সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি পেশাগত নৈতিকতাও আরও সমৃদ্ধ হওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, সাংবাদিকরা রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের দক্ষতা বৃদ্ধি, কল্যাণ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে সক্ষমতা বাড়াতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগ সাংবাদিকদের আরও পেশাদার ও দায়িত্বশীলভাবে কাজ করতে সহায়তা করবে।

একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীলতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পরিবেশ নিশ্চিত করাও জরুরি বলে তিনি মন্তব্য করেন।

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী বলেন, তথ্য প্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে দ্রুত ও নির্ভুল সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের নিয়মিত প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে হবে। ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধে ফ্যাক্ট চেকিং সময়ের অপরিহার্য দক্ষতা। প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তথ্যভিত্তিক, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতা আরও শক্তিশালী হবে।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আবদুল আউয়ালের সভাপতিত্বে ও ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ডালিম হোসেন শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, দৈনিক রাজশাহীর সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক ডা. নাজিব ওয়াদুদ এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের ৪০ জন সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক ধারণা, সাংবাদিকতায় এআইয়ের দায়িত্বশীল ব্যবহার, কার্যকর প্রম্পট ইঞ্জিনিয়ারিং, সংবাদ লেখা, তথ্য বিশ্লেষণ, অনুবাদ, সারসংক্ষেপ তৈরি এবং অনুসন্ধানী প্রতিবেদনে এআই ব্যবহারের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

পাশাপাশি ছবি ও ভিডিও যাচাই, রিভার্স ইমেজ সার্চ, ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওএসআইএনটি), মেটাডেটা বিশ্লেষণ, জিওলোকেশন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য শনাক্ত ও যাচাইয়ের আধুনিক কৌশলও শেখানো হয়। এছাড়া সাংবাদিকতায় এআই ব্যবহারের নৈতিকতা, কপিরাইট, তথ্যের গোপনীয়তা এবং দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

এএফ/

২৬ বছরেও সাংবাদিক শামছুর রহমান হত্যার বিচার হয়নি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৮:৫৪ এএম
আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০৮:৫৫ এএম
২৬ বছরেও সাংবাদিক শামছুর রহমান হত্যার বিচার হয়নি
সাংবাদিক শামছুর রহমান/ সংগৃহীত

প্রথিতযশা সাংবাদিক শামছুর রহমান হত্যাকাণ্ডের ২৬ বছর পার হলেও মামলার বিচার শেষ হয়নি। দুই দশক ধরে আইনের মারপ্যাঁচে আটকে আছে বিচারপ্রক্রিয়া। এতে ক্ষুব্ধ নিহতের পরিবার ও যশোরের সাংবাদিক সমাজ।

আজ বৃহস্পতিবার এই হত্যাকাণ্ডের ২৬তম বার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে যশোর প্রেসক্লাব ও যশোর সাংবাদিক ইউনিয়ন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

মামলা সূত্রে জানা গেছে, জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি সাংবাদিক শামছুর রহমান ২০০০ সালের ১৬ জুলাই রাতে জনকণ্ঠ যশোর অফিসে কর্মরত অবস্থায় আততায়ীর গুলিতে নিহত হন। ২০০১ সালে সিআইডি পুলিশ এ মামলায় ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়। পরে কয়েক আসামির আগ্রহে মামলার বর্ধিত তদন্ত করা হয়। এতে শামছুর রহমানের ঘনিষ্ঠ বন্ধু সাংবাদিক নেতা ফারাজী আজমল হোসেনকে নতুন করে আসামি করা হয়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষীকে বাদ দিয়ে আসামিদের ঘনিষ্ঠজনদের সাক্ষী করা হয়। এতে বিচারপ্রক্রিয়া বিলম্বিত হয় এবং চার্জশিট দুর্বল হয়ে পড়ে।

বর্ধিত তদন্ত প্রতিবেদন দাখিলের পর ২০০৫ সালের জুনে যশোরের স্পেশাল জজ আদালতে মামলার চার্জ গঠন হয়। ওই বছরের জুলাইয়ে বাদীর মতামত ছাড়াই মামলাটি খুলনার দ্রুত বিচার আদালতে পাঠানো হয়।

এর বিরুদ্ধে শামছুর রহমানের সহধর্মিণী সেলিনা আকতার লাকি ২০০৫ সালের সেপ্টেম্বরে হাইকোর্টে আপিল করেন। আবেদনে তিনি বলেন, মামলার অন্যতম আসামি খুলনার শীর্ষ সন্ত্রাসী হিরক পলাতক। হিরকসহ অন্য আসামিদের সঙ্গে খুলনার সন্ত্রাসীদের সখ্য থাকায় তার পক্ষে খুলনায় গিয়ে সাক্ষ্য দেওয়া ঝুঁকিপূর্ণ। বাদীর এই আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মামলাটি কেন যশোরে ফিরিয়ে দেওয়া হবে না, তার জন্য সরকারের ওপর রুলনিশি জারি করেন। এরপর মামলায় বর্ধিত তদন্তে সংযুক্ত আসামি ফারাজী আজমল হোসেন উচ্চ আদালতে একটি রিট করেন। সেই রিটের নিষ্পত্তি না হওয়ায় মামলার সব কার্যক্রম স্থগিত রয়েছে।

নিহতের সহোদর ও যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান বলেন, বিভিন্ন সময়ে সরকারের কাছে সাংবাদিক নেতারা বিচার দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলেছেন। কিন্তু কোনো অগ্রগতি হয়নি।

যশোরের সাবেক পাবলিক প্রসিকিউটর এম ইদ্রিস আলী বলেন, উচ্চ আদালতের নির্দেশে মামলার বিচারকাজ বন্ধ রয়েছে। তাদের প্রত্যাশা, আপিলের দ্রুত নিষ্পত্তি হয়ে বিচার আবার শুরু হবে। সরকার বিশেষভাবে উদ্যোগ নিলেই তা সম্ভব।

চার্জশিটভুক্ত ১৬ জনের মধ্যে খুলনার শীর্ষ সন্ত্রাসী মুশফিকুর রহমান হিরক পলাতক। খুলনার ওয়ার্ড কমিশনার আসাদুজ্জামান লিটু র‌্যাবের ক্রসফায়ারে, কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন কালু হৃদরোগে এবং যশোর সদরের চুড়ামনকাটির আনারুল প্রতিপক্ষের হামলায় মারা গেছেন। বাকি আসামিরা জামিনে রয়েছেন।

এদিকে নিহতের পরিবার ও সাংবাদিক সংগঠনগুলো পুরোনো বিতর্কিত তদন্ত বাতিল করে মামলাটি পুনঃতদন্তের দাবি জানিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকার সভাপতি মোবারক, সম্পাদক সবুজ

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৯:১১ পিএম
চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকার সভাপতি মোবারক, সম্পাদক সবুজ
ছবি: সংগৃহীত

পেশাগত সংহতি, সহমর্মিতা এবং প্রিয় জন্মভূমি চাঁপাইনবাবগঞ্জের সম্ভাবনা ও স্বার্থকে জাতীয় পরিসরে আরও জোরালোভাবে তুলে ধরার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা (সিজেএফডি)। সংগঠনটির দ্বিবার্ষিক নির্বাচন ও বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ডেইলি টাইমস অব বাংলাদেশের চিফ নিউজ এডিটর মো. ফেরদাউস মোবারক সভাপতি ও বাংলাভিশনের বিজনেস এডিটর জিয়াউল হক সবুজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

একই সঙ্গে ২০২৬-২৮ মেয়াদের জন্য ১৫ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের ভারপ্রাপ্ত প্রধান বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম।

বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এজিএম ও দ্বিবার্ষিক নির্বাচনে ঢাকার বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কর্মরত চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি ও দৈনিক খবরের কাগজের সিটি এডিটর আবদুল্লাহ আল মামুন। বার্ষিক সাধারণ সভায় নির্বাচন পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও লাইফ টিভির সম্পাদক আনোয়ার হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্রের ইস্টার্ন নিউ মেক্সিকো ইউনিভার্সিটির যোগাযোগ বিভাগের সহকারী অধ্যাপক মুহা. খাদিমুল ইসলাম হৃদয়। 

নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার মেসবাহুল হক, সাংগঠনিক সম্পাদক দৈনিক ভোরের কাগজের কান্ট্রি এডিটর (অনলাইন) মীম ওবাইদুল্লাহ, অর্থ সম্পাদক দৈনিক খবরের কাগজের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক বাংলাদেশ কণ্ঠের সিনিয়র রিপোর্টার তাসকিনা ইয়াসমিন এবং প্রচার, প্রকাশনা ও গবেষণা সম্পাদক মুহূর্ত নিউজের সম্পাদক শাহানাত হোসেন মাসুম নির্বাচিত হয়েছেন।

১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হক, বিদায়ী সভাপতি আবদুল্লাহ আল মামুন, দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ফাইজুল ইসলাম, সাবেক অর্থ সম্পাদক ও খবরের কাগজের সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলম, আমার দেশের সিনিয়র রিপোর্টার মো. আল আমিন, নকশী ডট টিভির সম্পাদক মামুনুর রশিদ এবং একাত্তর টেলিভিশনের সৈয়দ রাশিদুল হাসান।

অনুষ্ঠানে নবনির্বাচিত ও বিদায়ী নেতারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি সদস্যদের পেশাগত কল্যাণ, পারস্পরিক সহযোগিতা, দক্ষতা উন্নয়ন এবং চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন-সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, ঢাকায় কর্মরত চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য এবং জেলার অধিকার ও সম্ভাবনার প্রশ্নে সমন্বিত ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে ২০১৪ সালের ১৮ জুন প্রতিষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন পেশাগত, সামাজিক ও জনস্বার্থমূলক কর্মকাণ্ডের মাধ্যমে রাজধানীতে চাঁপাইনবাবগঞ্জের প্রতিনিধিত্বকে আরও সুদৃঢ় করে চলেছে।

এসএন/

রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মৃদুল-সম্পাদক শান্ত

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০২:০৫ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০২:২২ পিএম
রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মৃদুল-সম্পাদক শান্ত
সভাপতি মৃদুল ও সাধারণ সম্পাদক শান্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির ২০২৫-২৬ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দ্য ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নূরাহসান মৃদুল সভাপতি এবং দৈনিক আমাদের সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইবতেসাম শান্ত সাধারণ সম্পাদক হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) নবগঠিত কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হুদা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেলে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে সংগঠনের প্রতিষ্ঠাকালীন অর্থ সম্পাদক ও যমুনা টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান শিবলী নোমান ১১ সদস্যবিশিষ্ট এই নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।

নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন, সহসভাপতি আরিফ-উজ-জামান কোরবান (বিডিনিউজ২৪), যুগ্ম সাধারণ সম্পাদক ইনসান আলী (স্টুডেন্ট জার্নাল), অর্থ সম্পাদক দীন ইসলাম (আজকের পত্রিকা), সাংগঠনিক সম্পাদক মুন্নান হাওলাদার (দ্য ঢাকা ডায়েরি), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তাজনিন নিশাত ঋতু (ঢাকা স্ট্রিম), দপ্তর সম্পাদক তারিফুল ইসলাম (আরটিভি নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজমুল হুদা (ডেইলি সানশাইন) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাহাত আল খালেদ (ব্রেকিং নিউজ)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আতিকুর রহমান (দৈনিক আজকের বাংলা)।

বিদায়ী সভাপতি সোহাগ আলী (চ্যানেল ২৪) এবং সাধারণ সম্পাদক আলজাবের আহমেদ (সময়ের আলো) নতুন কমিটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটি ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক আসিফ আহমেদ দিগন্ত, বিদায়ী কমিটির উপদেষ্টা লাবু হক ও মারুফ হাসান মিলু।

শাকিবুল হাসান/তামান্না রুপা/

কুমিল্লায় মানহানির মামলায় সাংবাদিক গ্রেপ্তার

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৩:৫২ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৩:৫৯ পিএম
কুমিল্লায় মানহানির মামলায় সাংবাদিক গ্রেপ্তার
অভিযুক্ত সাংবাদিক ও বিএনপি নেতা। ছবি: খবরের কাগজ

কুমিল্লার মুরাদনগরে বিএনপির নেতার করা এক হাজার কোটি টাকার মানহানি মামলায় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুব আলম আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারের ২০ ঘণ্টা পর বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে তাকে কুমিল্লা আদালতে নেওয়া হয়।

তিনি জাতীয় দৈনিক মানবকণ্ঠের মুরাদনগর প্রতিনিধি। বুধবার বিকেলে উপজেলার গাইঢুলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ জুন উপজেলার পাচকিত্তা এলাকায় একটি ধর্ষণকাণ্ডের ঘটনায় প্রকাশিত সংবাদে অভিযুক্ত ফজর আলীকে বিএনপি নেতা হিসেবে উল্লেখ করে সংবাদ প্রকাশ করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে ওই বছরের ৯ জুলাই মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া বাদী হয়ে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১১ নম্বর আমলি আদালতে হাজার কোটি টাকার মানহানির মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে আরিফের বিরুদ্ধে সমন জারি করেন।

বৃহস্পতিবার দুপুরে এ বিষয়ে জানতে চাইলে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদী বলেন, ‘সে (আরিফ) সাংবাদিকতার নামে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ায়। ৫ আগস্টের পূর্বে সে ফ্যাসিস্টের দোসর ছিল। বিএনপির নেতা-কর্মীদের নির্যাতন করেছে, পুলিশকে সহায়তা করেছে। ৫ আগস্টের পরও সে আসিফ মাহমুদের (সাবেক উপদেষ্টা) কাধে ভর করে বিএনপির বিরুদ্ধে নানা কর্মকাণ্ড করেছে। সেই ধারাবাহিকতায় পাচকিত্তার ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হিন্দু-মুসলিম দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে উসকানি দিয়েছে। অভিযুক্তকে বিএনপি নেতা হিসেবে উল্লেখ করেছে। যদিও সে বিএনপির কেউ না এটা তদন্তেও প্রমাণিত হয়েছে।’

জহির শান্ত/তামান্না রুপা/

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক হলেন নবীন হাসান

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০২:৩৩ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০৩:০৯ পিএম
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক হলেন নবীন হাসান
ছবি: খবরের কাগজ

ঠাকুরগাঁও প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন দৈনিক খবরের কাগজ ও ডিবিসি টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি নবীন হাসান।

এছাড়া লুৎফর রহমান মিঠু সভাপতি ও তানভীর হাসান তানু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৭ জুন) বিকেলে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার ও জেলা নির্বাচন অফিসার ওয়ালিউল্লাহ এই ফলাফল ঘোষণা করেন।

এছাড়াও নির্বাচনে সহসভাপতি আব্দুল লতিফ,সহ-সাধারণ সম্পাদক আল ফারাবী হাসান নবীন, অর্থ সম্পাদক আহসান হাবীব বুলবুল, ক্রীড়া সম্পাদক শামসুজ্জোহা, সাহিত্য সাংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক গোলাম সারোয়ার সম্রাট, দপ্তর সম্পাদক আসদুজ্জামান শামীম নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মনসুর আলী, ফিরোজ আমিন সরকার ও এসএম জসিম উদ্দিন।

নবীন হাসান এর আগে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। 

এছাড়া তিনি ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০০০ সাল থেকে তিনি এ পেশায় সম্পৃক্ত। তার সাংবাদিকতার হাতেখড়ি হয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ পত্রিকার মাধ্যমে। এরপর তিনি ধারাবাহিকভাবে দৈনিক পত্রালাপ, সোনালী সংবাদ, মানবকণ্ঠ, দৈনিক জনতা, এশিয়ান টেলিভিশন, রেডিও ধ্বনি, স্থানীয় দৈনিক লোকায়ন, দ্য রিপোর্ট, ডেইলি বাংলাদেশ এবং বর্তমানে ডিবিসি টেলিভিশন ও দৈনিক খবরের কাগজ ও দ্যা ফিনাল্সিয়াল পোস্টে দায়িত্ব পালন করে আসছেন।

সাংবাদিকতার পাশাপাশি নবীন হাসান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত।

নির্বাচিত হওয়ার পর নবীন হাসান বলেন, এই বিজয় আমার একার নয়, এটি ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সব সদস্যের আস্থা ও ভালোবাসার প্রতিফলন। আমি ভোটার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। প্রেসক্লাবকে আরও আধুনিক, ঐক্যবদ্ধ ও সাংবাদিকবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।

এর আগে সকাল ১০টায় ঠাকুরগাঁও প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভা শেষে দুপুর ৩টা থেকে হওয়া এ নির্বাচন চলে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচেন ১১টি পদের মধ্যে চারটি পদে  আটজন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করেন। নির্বাচনে ভোটারের সংখ্যা ৩৫ জন।

অমিয়/