আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে দেশের বিভিন্ন জেলায় শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রা। ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রাটি প্রায় ৪০০ বছর আগে (আনুমানিক ১৬৭২ খ্রিস্টাব্দের দিকে) তৎকালীন স্থানীয় জমিদারদের উদ্যোগে শুরু হয়। তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম, বরিশাল, বগুড়া, দিনাজপুর, শেরপুর, জয়পুরহাট, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন জেলায় এ বছরও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে রথযাত্রা। কোথাও শঙ্খধ্বনি, উলুধ্বনি ও কীর্তনের সুরে মুখর হয়েছে পথঘাট, কোথাও আবার হাজারও মানুষের পদচারণে উৎসবের রূপ নিয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে বিপুলসংখ্যক ভক্তের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে রথযাত্রা। গতকাল বৃহস্পতিবার বৃষ্টিকে উপেক্ষা করে নগরের শ্রীশ্রী তুলশীধামের রথ, নন্দনকাননের শ্রীশ্রী রাধামাধব মন্দিরের রথ এবং প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের রথ–এই তিনটি প্রধান রথ নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ঢাক-ঢোল, শঙ্খধ্বনি, কীর্তন ও ভক্তিগীতির মধ্য দিয়ে রথ টেনে নিয়ে যান হাজারও ভক্ত, সৃষ্টি হয় এক অনন্য উৎসবের আবহ।
বরিশাল: করতাল আর হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার বরিশালে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিকেল ৪টায় নগরের শ্রীশ্রী শংকর মঠ থেকে তিনটি সুসজ্জিত রথ নিয়ে শোভাযাত্রা বের করা হয়। এতে কয়েক হাজার ভক্ত ও দর্শনার্থী অংশ নেন। রথযাত্রার আগে শ্রীশ্রী শংকর মঠের রাধাশ্যামসুন্দর মন্দিরে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) উদ্যোগে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বগুড়া: বগুড়ায় রথযাত্রা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের সেউজগাড়ী ইসকন মন্দির থেকে বর্ণাঢ্য রথযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বনানী শিব মন্দিরে গিয়ে শেষ হয়। এতে হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু, যুবকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার বিপুলসংখ্যক ভক্ত এবং দর্শনার্থী অংশ নেন।
দিনাজপুর: দিনাজপুরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী গিরিধারীজীউর রথযাত্রা উৎসব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় দিনাজপুর শহরের ঐতিহ্যবাহী রায়সাহেব বাড়ির দেবত্তর কমিটির আয়োজনে রথযাত্রা অনুষ্ঠিত হয়। এ সময় হাজারও ভক্ত-অনুরাগীর অংশগ্রহণে রথযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী সনাতন ধর্মাবলম্বীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
শেরপুর: শেরপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহরের গোপাল জিউর মন্দির থেকে শোভাযাত্রা বের হয়ে নয়আনী বাজার এলাকার কালীমাতার মন্দিরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আবার গোপালবাড়ীতে এসে রথযাত্রা শেষ হয়।
জয়পুরহাট: ঢাক-ঢোল বাদ্য, শঙ্খ ও উলুধ্বনি দিয়ে জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার পারুলিয়া জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। পরে শোভাযাত্রাটি শহরের কেন্দ্রীয় বারোয়ারি মন্দিরে এসে শেষ হয়।
নেত্রকোনা: নেত্রকোনায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলার বড় বাজারস্থ এলাকায় নরসিংহ জিউর আখড়া হতে রথের শোভাযাত্রা বের হয়ে আবার মন্দিরে এসে সমাপ্ত হয়। অপরদিকে জগন্নাথ বল্লভ মন্দির থেকে অপর আরেকটি শোভাযাত্রাটি বের হয়। যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জগন্নাথ বল্লভ মন্দিরে ৯ দিনব্যাপী এই উৎসব চলবে।
এ ছাড়া সিলেট, মৌলভীবাজার, মানিকগঞ্জ, রাজবাড়ী, মাগুরাসহ সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রা।