পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অভিযান চালিয়ে ১৩টি জাল পাসপোর্টসহ সাদিকুল (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযান চলাকালীন চক্রের আরও দুই সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার রণচণ্ডী ইসলামপুর এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে পুলিশ।
গ্রেপ্তার সাদিকুল তেঁতুলিয়া উপজেলার আজিজনগর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে রণচণ্ডী ইসলামপুর এলাকায় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি ও তাদের কাছে বিপুল পরিমাণ পাসপোর্ট দেখে স্থানীয় এক ব্যক্তির সন্দেহ হয়। তিনি তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করে বিষয়টি জানান।
৯৯৯ থেকে বার্তা পেয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযানে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় সাদিকুলকে ১৩টি জাল পাসপোর্টসহ গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য দুই সদস্য দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লাইছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘১৩টি জাল পাসপোর্টসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের সাথে জড়িত এবং পলাতক অপর দুই আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
তিনি আরও বলেন, যেকোনো জরুরি প্রয়োজনে বা অপরাধের তথ্য দিতে দেশের সচেতন নাগরিক হিসেবে সকলকে '৯৯৯' সেবা ব্যবহারের আহ্বান জানাচ্ছি।
রনি মিয়াজী/এএফ