শেরপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথদেবের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই)সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ শহরের গোপাল জিউর মন্দির থেকে একটি রথ টেনে শহরের নয়আনী বাজার এলাকার কালীমাতার মন্দিরে নিয়ে যান। পরে সেখান থেকে রথটি পুনরায় গোপালবাড়ী আনা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, শেরপুর জেলা শাখার সার্বিক সহযোগিতায় গোপাল জিউর মন্দির পরিচালনা কমিটি এসব কর্মসূচির আয়োজন করে। বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
রথযাত্রায় আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় শেরপুর সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) দেবাশীষ দত্ত, শেরপুর জেলা জাসাস এর আহ্বায়ক এনামুল হক বিপু, সদস্য সচিব মো. হারুন অর রশীদ, যুগ্ম আহ্বায়ক জাকির হোসন, সদস্য জহুরুল ইসলাম জপি ও মো. সুমন মিয়া, শেরপুর জেলা পূজা উদযাপন ফ্রন্ট এর আহ্বায়ক বিপ্লব দাম, যুগ্ম আহ্বায়ক প্রদীপ রঞ্জন দে, গোপালবাড়ী মন্দির কীর্তন পরিচালনা কমিটির সভাপতি গোপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক প্রিয়তোষ সরকার, গোপাল জিউর মন্দির পরিচালনা কমিটির সভাপতি তাপস কুমার নন্দী, সদস্য বিদ্যুৎ নন্দী, নারায়ণ চন্দ্র সাহা, তাপস সাহা, সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়সহ বিপুলসংখ্যক হিন্দু ভক্তরা অংশ গ্রহণ করেন।
পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন পূজা উদযাপন ফ্রন্ট এর কার্যালয়ে এসে হিন্দু সম্প্রদায়ের ভক্তদের শুভেচ্ছা জানান।
শহরের গৃদ্দানারায়ণপুর এলাকার নরসিংহ জিউর মন্দির ও গোপালবাড়ী মন্দির প্রাঙ্গণে বিশেষ প্রার্থনা ও হরিনাম কীর্ত্তণের আয়োজন করা হয়। রথযাত্রা উৎসব উপলক্ষে শহরের নয়আনী বাজার এলাকার কালীমাতার মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। রথযাত্রা উৎসব নির্বিঘ্নে ও নিরাপদে সম্পন্ন করতে সদস্য ও জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
রথযাত্রা উৎসবের পূণ্যতিথিতে শহরের নারায়ণপুর এলাকার গোপীনাথ ও অন্নপূর্ণা মন্দিরে বার্ষিক পূজা অনুষ্ঠিত হয়। এসব ধর্মীয় অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল এবং বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। আগামী ২৪ জুলাই শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রার মাধ্যমে উৎসব শেষ হবে।
শাকিল মুরাদ/খাদিজা রুমি/