আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর দৃষ্টি এখন ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের দিকে। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান শক্তি স্পেন। দুই দলের লড়াইয়ে নির্ধারিত হবে বিশ্ব ফুটবলের নতুন রাজা।
ফিফার সূচি অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুলাই (রবিবার)। ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক/নিউ জার্সি স্টেডিয়ামে (মেটলাইফ স্টেডিয়াম), নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে। স্থানীয় সময় বিকেল ৩টা এবং বাংলাদেশ সময় সোমবার (২০ জুলাই) ভোর ১টা ম্যাচটি শুরু হবে।
৮২ হাজারের বেশি দর্শক ধারণক্ষমতাসম্পন্ন মেটলাইফ স্টেডিয়ামটি প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল আয়োজন করছে। ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করে সেমিফাইনাল ও ফাইনাল—- সব গুরুত্বপূর্ণ ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে।
সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। অন্যদিকে, স্পেন ২-০ ব্যবধানে ফ্রান্সকে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা নিশ্চিত করেছে।
আর্জেন্টিনার সামনে রয়েছে ইতিহাস গড়ার হাতছানি। লিওনেল মেসির দল ফাইনালে জিততে পারলে ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দুইটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে। অন্যদিকে, ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্পেন।
এবারের বিশ্বকাপ ফাইনালে আরও একটি নতুনত্ব থাকছে। ফিফার ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালের বিরতিতে (হাফটাইম) বিশেষ বিনোদনমূলক আয়োজন রাখা হয়েছে, যা সুপার বোলের আদলে অনুষ্ঠিত হবে।
বিশ্বজুড়ে কোটি কোটি দর্শক টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে ম্যাচটি সরাসরি উপভোগ করবেন। ফুটবলপ্রেমীদের প্রত্যাশা, ২০২৬ বিশ্বকাপের শেষ ম্যাচটি হতে যাচ্ছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে আকর্ষণীয় একটি ফাইনাল।
অমিয়/