টমাস টুখেল। ছবি: সংগৃহীত
বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই ইংল্যান্ডের দায়িত্ব নিয়েছিলেন টমাস টুখেল। তবে সেই লক্ষ্য পূরণ হয়নি। আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে থ্রি লায়ন্সদের। তবুও ম্যাচ শেষে নিজের সিদ্ধান্ত বা দলের পারফরম্যান্স নিয়ে কোনো আক্ষেপ নেই বলে জানিয়েছেন ইংল্যান্ড কোচ।
বিবিসিকে দেওয়া প্রতিক্রিয়ায় টুখেল বলেন, ‘আমরা হতাশ। কারণ আমরা খুব কাছাকাছি ছিলাম। কিন্তু গোল করার পর আমরা অনেক বেশি নিষ্ক্রিয় হয়ে পড়ি। ফলে প্রতিপক্ষকে অনেক সুযোগ, ক্রস ও শট নিতে দিয়েছি। বলের দখল নিজেদের কাছে রাখতে পারিনি।’
দ্বিতীয়ার্ধে রক্ষণাত্মক পরিবর্তন নিয়ে সমালোচনার জবাবও দেন ইংলিশ কোচ। তিনি বলেন, ‘আগের ম্যাচগুলোতেও আমি আক্রমণাত্মক পরিবর্তন করেছি। এবারও খেলোয়াড়দের সাহায্য করার চেষ্টা করেছি। গোল করার পরই আমরা অনেক সুযোগ দিয়ে ফেলছিলাম। তাই পাঁচজনের রক্ষণে চলে যাই, যাতে ফাঁকা জায়গা বন্ধ করা যায় এবং আরও শক্তিশালী হওয়া যায়।’
দ্বিতীয় গোলের জন্য আরও আক্রমণাত্মক হওয়ার সুযোগ ছিল কি না-এমন প্রশ্নে টুখেলের উত্তর, ‘আমরা অবশ্যই দ্বিতীয় গোল চেয়েছিলাম। কিন্তু বলই যদি নিজেদের কাছে রাখতে না পারি, তাহলে সেটা সম্ভব নয়। আমরা ৪-৪-২ ফরমেশনই ধরে রেখেছিলাম, কিন্তু ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ি। এটা কৌশলগত সমস্যা ছিল না, ম্যাচের চিত্রটাই বদলে গিয়েছিল।’
নিজের সিদ্ধান্ত নিয়ে এখনো অনুতপ্ত নন জানিয়ে টুখেল বলেন, ‘এই মুহূর্তে আমার কোনো আক্ষেপ নেই। দল সবকিছু উজাড় করে দিয়েছে। আমরা ১-০ গোলে এগিয়ে থাকার যোগ্য ছিলাম। পরিস্থিতি বিবেচনায় এটি হয়তো আমাদের সেরা ম্যাচগুলোর একটি, এমনকি সেরাও হতে পারে।’
পুরো টুর্নামেন্টে দলের মানসিকতারও প্রশংসা করেন ইংল্যান্ড কোচ।
বিশ্বকাপ জয়ের লক্ষ্য পূরণ না হলেও টুখেলের সঙ্গে ২০২৮ ইউরো পর্যন্ত চুক্তি রয়েছে ইংল্যান্ডের। এখন তার সামনে নতুন লক্ষ্য হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দলকে সাফল্য এনে দেওয়া।
এসজি/