জিম্বাবুয়ে সফরে ‘ব্যর্থতার ভুত’ পেয়ে বসেছে বাংলাদেশ দলকে। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজেও টাইগারদের শুরুটা হয়েছে হার দিয়ে।
বুধবার (১৫ জুলাই) বুলাওয়েতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩২ রানে হেরেছে বাংলাদেশ। ১৭১ রানের লক্ষ্যে খেলতে নেমে ১ ওভার বাকি থাকতে ১৩৮ রানে গুটিয়ে যায় তাওহিদ হৃদয়ের নেতৃত্বাধীন দল।
৩৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। ইয়াসির আলি রাব্বির দারুণ ফিফটির পরও সেই চাপ সামলে উঠতে পারেনি দল। রাব্বী ৩৮ বলে ২ চার ও ৩ ছক্কায় ৫৪ রানের ইনিংস খেলেন। জিম্বাবুয়ের পক্ষে সর্বাধিক ৪টি করে উইকেট নিয়েছেন রিচার্ড নাগারভা ও ব্লেসিং মুজারাবানি।
এর আগে টস জিতে স্বাগতিকদের প্রথমে ব্যাটিংয়ে পাঠায় সফরকারী বাংলাদেশ। জিম্বাবুয়ের শুরুটা ছিল দারুণ। দুই ওপেনার ব্রায়ান বেনেট ও টাডিওয়ানাশে মারুমানি প্রথম তিন ওভারেই যোগ করে ৩৬ রান। পাওয়ার প্লেতে দলটির সংগ্রহ ছিল ১ উইকেট ৫৪ রান। মারুমানি ৯ বলে ১৪ রান করে থামেন। বেনেট ৩০ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪৪ রানের ইনিংস খেলেন। জিম্বাবুয়ের পক্ষে যা সর্বোচ্চ।
মাঝে বাংলাদেশি পেসার নাহিদ রানা গতিতে বেশ ভুগিয়েছেন। তবে শেষ দিকে রায়ান বার্ল ও ব্রেড ইভান্সের অপরাজিত ইনিংসে ৬ উইকেটে ১৭০ রানের পুঁজি গড়ে জিম্বাবুয়ে।
বার্ল ২৫ বলে ২ চার ও ১ ছক্কায় ৩০ রানে অপরাজিত ছিলেন। ইভান্স ১০ বলে ৪ চারে অপরাজিত ১৯ রান করেন। অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে ১৫ বলে ৩১ রান যোগ করেন দুজন।
বাংলাদেশের পক্ষে নাহিদ রানা ২৬ রান খরচায় সর্বাধিক ৪ উইকেট নিয়েছেন। এছাড়া ২ শিকার ধরেছেন সাইফউদ্দিন।
তোফায়েল/এএফ