বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালের আগে মনস্তাত্ত্বিক লড়াইয়ে এগিয়ে থাকার চেষ্টা করছে ইংল্যান্ড। দলের ডিফেন্ডার মার্ক গেহির দাবি, ম্যাচে চাপের পুরো ভারই বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাঁধে।
গেহি বলেন, ‘আমাদের ওপর কোনো চাপ নেই। সব চাপ আর্জেন্টিনার। ওরাই বিশ্বচ্যাম্পিয়ন এবং শিরোপা ধরে রাখার দায়িত্বও ওদেরই। আমাদের হারানোর কিছু নেই। এমন বড় মঞ্চে বিশ্বের সেরা খেলোয়াড়দের বিপক্ষে খেলার সুযোগ সবাই উপভোগ করতে চায়। আমরা এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’
সেমিফাইনালে ইংল্যান্ডের রক্ষণভাগের অন্যতম বড় চ্যালেঞ্জ থাকবেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। চলতি আসরে দুর্দান্ত ফর্মে থাকা মেসি আট গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন।
তবে গেহি বলেন, ‘মেসি নিঃসন্দেহে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। তাকে থামানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু আর্জেন্টিনায় আরও অনেক বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। তাই শুধু একজনকে নয়, পুরো দলকে মাথায় রেখেই আমাদের পরিকল্পনা করতে হবে।’
আজকের সেমিফাইনালে জয় পেলে ১৯৬৬ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠবে ইংল্যান্ড। আর সেই ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে স্পেন।
পাপ্পু/অন্তরা/