চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামাবে আর্জেন্টিনা। এর আগে দলকে ঘিরে ওঠা সমালোচনার জবাব দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তার দাবি, সমালোচকরা যতটা খারাপ বলছেন, বাস্তবে আর্জেন্টিনা ততটা খারাপ খেলছে না।
স্কালোনি বলেন, ‘মানুষ যতটা খারাপ বলছে, দল ততটা খারাপ খেলছে না। এই পর্যায়ে পৌঁছাতে হলে নিশ্চয়ই আমরা ভালো কিছু করেছি। আমি খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞ। তারা আমাদের তিনটি শিরোপা এনে দিয়েছে এবং এখন আবারও বিশ্বকাপের সেমিফাইনালে তুলেছে। আমরা ফাইনাল থেকে মাত্র এক ধাপ দূরে। সেখানে পৌঁছাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’
চলমান বিশ্বকাপে গ্রুপ পর্বে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানকে হারিয়ে ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে ওঠে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর কেপ ভার্দে, মিশর ও সুইজারল্যান্ডকে বিদায় জানিয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে তারা। যদিও কেপ ভার্দে ও সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য অতিরিক্ত সময় পর্যন্ত খেলতে হয়েছে। অন্যদিকে, শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির অনুপ্রেরণায় দুর্দান্ত প্রত্যাবর্তন করে জয় তুলে নেয় আর্জেন্টিনা।
২০২২ সালে কাতারে বিশ্বকাপ জয়ের পাশাপাশি ২০২১ ও ২০২৪ সালে টানা দুইবার কোপা আমেরিকার শিরোপাও জিতেছে স্কালোনির দল।
দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, ‘সত্যি বলতে, দল আমার প্রত্যাশামতো খেলছে কি না, তা নিয়ে আমি ভাবছি না। আমরা কী অবস্থায় আছি, সেটি এখন গুরুত্বপূর্ণ নয়। আমাদের কোনো অভিযোগ নেই। আমরা ক্লান্ত কি না, তাতেও কিছু যায় আসে না। আমরা বিশ্বকাপের সেমিফাইনালে আছি। পুরো দল রোমাঞ্চিত এবং ম্যাচের জন্য সম্পূর্ণ প্রস্তুত।’
পাপ্পু/অন্তরা/