রাজধানীর তুরাগের সিরাজ মার্কেটসংলগ্ন আকবর ভবনের সবুজের বস্তি এলাকায় কবিতা রাফা (৭ মাস) নামে এক শিশুকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা মোহাম্মদ কবিরের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের ২০০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
নিহত শিশুর মা লিমা আক্তার জানান, তার স্বামী একজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। তিনি অভিযোগ করেন, স্বামী ঠিকমতো ভরণপোষণ করেন না, টাকা-পয়সা দেন না এবং বাজারও ঠিকমতো করেন না। এসব বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তার স্বামী তাদের মেয়েকে পা ধরে মাথার ওপর তুলে আছাড় মারেন। এতে শিশুটি গুরুতর আহত হয়।
পরে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করে চিকিৎসা দেন। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন অভিযুক্ত বাবা কবিরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
লিমা আক্তার আরও জানান, তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার বিষ্ণুপুর গ্রামে। আর তার স্বামীর বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সোনাইডাঙ্গা গ্রামে। তাদের একমাত্র সন্তান ছিল কবিতা রাফা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
আজিজুল হাকিম/রিফাত/