বিশ্বকাপের সেমিফাইনালকে সামনে রেখে বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে হৃদয়ছোঁয়া বার্তা দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। দূর দেশ থেকেও আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের অকৃত্রিম ভালোবাসার প্রশংসা করেন তিনি। একই সঙ্গে সেমিফাইনালে জয় এনে বাংলাদেশের সমর্থকদের মুখে হাসি ফোটানোর আশাও ব্যক্ত করেন স্কালোনি।
স্কালোনি বলেন, ‘বাংলাদেশকে ধন্যবাদ। সত্যি বলতে এটা আশ্চর্যজনক। বাংলাদেশের মানুষ আমাদের সবসময়ই চমকে দেয়। এত দূরে থেকেও তারা আর্জেন্টিনাকে এত ভালোবাসে, এটা সত্যিই অসাধারণ। নিজের দেশের বাইরেও অন্য দেশের মানুষকে আর্জেন্টিনার গায়ে জড়াতে দেখাটা দারুণ অনুভূতি। বাংলাদেশকে অনেক ধন্যবাদ। আশা করি আজ আমরা বাংলাদেশের সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারব। এজন্যই তো আমরা এখানে এসেছি।’
নিজেদের পারফরম্যান্স নিয়েও আশাবাদী স্কালোনি। সমালোচনা থাকলেও তার বিশ্বাস, টানা দ্বিতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা প্রমাণ করে দল সঠিক পথেই এগোচ্ছে।
তিনি বলেন, ‘এই পর্যায়ে উঠতে হলে নিশ্চয়ই আমরা ভালো কিছু করেছি। আমি এই ছেলেদের কাছে কৃতজ্ঞ, কারণ ওরাই আবার আমাদের বিশ্বের সেরা চার দলের মধ্যে নিয়ে এসেছে। আমরা অনেক ভালো কাজ করেছি। কখনও কখনও তা যথেষ্ট মনে হয় না, কিন্তু এখান পর্যন্ত যা করেছি, তা নিয়ে আমাদের গর্বিত হওয়া উচিত।’
নকআউট পর্বে প্রতিটি ম্যাচেই কঠিন লড়াই করতে হলেও স্কালোনির মতে, বিশ্বকাপের মতো বড় আসরে সাফল্য পেতে হলে প্রতিকূলতা অতিক্রম করতেই হয়।
বিজ্ঞপ্তি/