বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচকে আর্জেন্টিনার জন্য একটি ‘বিশেষ লড়াই’ বলে মনে করছেন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার ছেলে ডিয়েগো ম্যারাডোনা জুনিয়র। তার মতে, ইতিহাস ও আবেগের কারণে এই ম্যাচ কখনোই সাধারণ হতে পারে না।
আটলান্টায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে ইংল্যান্ডের। ফাইনালে ওঠার লড়াইয়ের আগে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা-কে দেওয়া সাক্ষাৎকারে ম্যারাডোনা জুনিয়র বলেন, ‘আমার বাবা কখনোই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচকে সাধারণ ম্যাচ হিসেবে দেখতেন না। আমরা যা-ই বলি না কেন, এটি কোনোভাবেই আর দশটা ম্যাচের মতো নয়।’
তিনি বলেন, এই দ্বৈরথ শুধু ফুটবলের নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দুই দেশের ইতিহাসও। ‘সব আর্জেন্টাইন এবং ম্যারাডোনা-ভক্তদের জন্য এটি বিশেষ একটি ম্যাচ। ফকল্যান্ড যুদ্ধের স্মৃতি এবং সেখানে প্রাণ হারানো আমাদের বীরদের কথা এই ম্যাচ মনে করিয়ে দেয়। এরপর আছে ১৯৮৬ বিশ্বকাপে আমার বাবার অবিস্মরণীয় পারফরম্যান্স। সেই ম্যাচের পর ইংল্যান্ডের বিপক্ষে কোনো লড়াইই আর সাধারণ থাকেনি।’
১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোল এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’ খ্যাত অবিশ্বাস্য একক গোল করে আর্জেন্টিনাকে ২-১ গোলে জিতিয়েছিলেন। পরে তার নেতৃত্বেই দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে আলবিসেলেস্তেরা।
আসন্ন সেমিফাইনাল নিয়েও সতর্ক ম্যারাডোনা জুনিয়র। তার ভাষ্যে, ‘ইংল্যান্ড দারুণ ফর্মে আছে। তবে তাদের মনে রাখতে হবে, তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলছে। তাই ম্যাচটি দুই দলের জন্যই কঠিন হবে।’
পাপ্পু/রিফাত/