হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড-২-এর যাত্রা শুরু হয়েছে। এতে রোগীরা আধুনিক ডায়াগনস্টিক সেবা নিতে পারবেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শ্যামলীর সারা সন্ধানী লাইফ টাওয়ারে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. হালিমুজ্জামান। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক নাঈম, এমডি জুনায়েদ, মো. মোকাররম হোসেন, নির্বাহী পরিচালক এম এইচ এম মুর্তজা, মো. হাফিজুর রহমান, সহযোগী পরিচালক মো. শামীম ফেরদৌস এবং হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের প্রধান অধ্যাপক উম্মুল খায়ের ফাতেমা খান মজলিস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রওশন জাহান আখতার ও ব্রিগেডিয়ার জেনারেল ডা. মুখলাসুর রহমান। তারা আধুনিক স্বাস্থ্যসেবায় নির্ভুল ও সময়োপযোগী ডায়াগনস্টিক সেবার গুরুত্ব তুলে ধরেন। ব্যবসায়িক মুনাফাকে সেকেন্ডারি বা দ্বিতীয় সারিতে রেখে মানবসেবাকেই তাদের মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করে মো. হালিমুজ্জামান বলেন, ‘আন্তর্জাতিক মানের ডায়াগনস্টিক সেবা দেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। ইউনিট-২-এর উদ্বোধনের মাধ্যমে সেই লক্ষ্য বাস্তবায়নের পথে আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম। নতুন ইউনিটে সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন ল্যাবরেটরি, দ্রুত ও নির্ভুল রিপোর্টিং ব্যবস্থা এবং দক্ষ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে উন্নত মানের সেবা প্রদান করা হবে।’
সভায় অধ্যাপক ফাতেমা খান মজলিশ বলেন, ‘শিক্ষা ও চিকিৎসা খাতের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ করাই আমাদের উদ্দেশ্য।’ ভবিষ্যতেও রোগীদের সর্বোচ্চ মানের নির্ভুল ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা প্রদান করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট চিকিৎসক, করপোরেট ব্যক্তিত্ব, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।