বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের রাতে যুক্তরাষ্ট্রের আটলান্টায় নিজেদের মধ্যেই রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন আর্জেন্টিনার একদল সমর্থক। এতে উৎসবমুখর পরিবেশ মুহূর্তেই বিশৃঙ্খলায় পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) রাতে আর্জেন্টিনার সমর্থকদের আয়োজিত একটি পতাকা শোভাযাত্রায় বুয়েনস আইরেসের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব সান লরেঞ্জো ও হুরাকানের উগ্র সমর্থক গোষ্ঠীর সদস্যদের মধ্যে সংঘর্ষ বাধে। সান লরেঞ্জোর ‘লা বুটেলার’ এবং হুরাকানের ‘প্লাজা হোসে সি পাজ’-এর সদস্যরা হাতাহাতিতে জড়িয়ে পড়লে সাধারণ সমর্থকেরা নিরাপত্তার স্বার্থে দ্রুত এলাকা ত্যাগ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সংঘর্ষে জড়িতরা একে অপরের দিকে কাঁচের বোতল, ডাস্টবিন, বেঞ্চ ও টেবিল ছুড়ে মারছেন। পরে আটলান্টা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং অন্তত একজনকে আটক করে।
এ ঘটনায় আর্জেন্টিনার সাধারণ সমর্থকেরা ক্ষোভ প্রকাশ করে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ইংল্যান্ড ও আর্জেন্টিনার ফুটবল বৈরিতার কারণে ম্যাচটিকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে দুই দেশের সমর্থকদের মধ্যে কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। বরং শহরের বিভিন্ন স্থানে উভয় দেশের সমর্থকদের একসঙ্গে আড্ডা দিতে ও গান গাইতে দেখা গেছে।
প্রায় ৬৮ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে ম্যাচটি ঘিরে প্রায় এক লাখ ফুটবলপ্রেমী আটলান্টায় জড়ো হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
পাপ্পু/অন্তরা