ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতবাড়ি ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৫ জুলাই) উপজেলার মাইজবাগ ইউনিয়নের মাইজবাগ পাছপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী মো. হাসিম উদ্দিন (৭১) ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (১৪ জুলাই) জমি নিয়ে বিরোধ আপোষের জন্য মাইজবাগ ইউপির সাবেক চেয়ারম্যান মো. নিজাম উদ্দিনের নেতৃত্বে সালিশি বসে। সালিশ নিষ্পত্তির আগেই ভুক্তভোগীর বাড়িতে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে ভাঙচুর চালায়।
ভুক্তভোগীরা জানান, হামলাকারীরা ঘরের বেড়া, দরজা, জানালা, খাট, আলমারি, সুকেস, হাড়িপাতিল, টেলিভিশন ও ফ্রিজসহ বিভিন্ন জিনিস ভাঙচুর করেন।
হামলায় নারীসহ সাত-আটজন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা ঘরে থাকা জমি বন্ধক বাবদ রক্ষিত নগদ ২ লাখ ৩০ হাজার টাকা এবং তার ছোট ভাই মো. মোশারফের ঘর নির্মাণের জন্য সংরক্ষিত ২ লাখ টাকা নিয়ে যায়।
ভুক্তভোগী হাসিম উদ্দিন বলেন, আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই।
অভিযুক্তরা বলেন, ‘ওদের বাড়িঘর ওরাই ভাঙচুর করেছে, আমরা কিছু করিনি।’
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম খবরের কাগজকে বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ফয়সল আহমেদ/অমিয়/