ঢাকার কেরানীগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে কাক ওড়া দূরত্ব অতিক্রম করে ঢাকা-মাওয়া হাইওয়ের পার্শ্ব রাস্তা দিয়ে বুড়িগঙ্গা সেতুর (পোস্তগোলা ব্রিজ) দিকে আসতে থাকলে কেরানীগঞ্জ মডেল থানার বিপরীত পাশ পর্যন্ত রাস্তার বাঁ পাশে গৃহস্থালির বর্জ্যসহ প্রায় সব রকমের ময়লা-আবর্জনার ভাগাড় দেখা যায়। বাংলাদেশে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় এবং জনসচেতনতার অভাবের কারণে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে দেওয়ার প্রবণতা দীর্ঘদিনের একটি সামাজিক অভ্যাসে পরিণত হয়েছে। আর এ ময়লা রাস্তার ওপর স্তূপাকারে ফেলানো হলে যানবাহন চলাচলের ক্ষেত্রে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়। বিভিন্ন সময় প্রাণঘাতী দুর্ঘটনাও ঘটে। এসব সমস্যা ও বিপদ দেশের মানুষ ভাগ্যের নির্মম পরিহাস ও নিয়তি হিসেবে মেনে নিয়েছে। রাস্তার ওপর ময়লা ফেলার কারণে বৃষ্টি মৌসুমে জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ফলে রাস্তাটির খালের পাশের অংশ ধীরে ধীরে ধসে যাচ্ছে। বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশে এক কিলোমিটার চার লেনের রাস্তা তৈরি করতে প্রায় ৮০ থেকে ১২০ কোটি টাকা খরচ হয়। সড়ক নির্মাণে প্রতি কিলোমিটারে বাংলাদেশে যে ব্যয় হয় তা ভারত, চীন এমনকি ইউরোপের দেশগুলোর চেয়েও বেশি। শুধু রাস্তার ওপরে ময়লা-আবর্জনা ফেলা ও পানি খালে নামতে না পারার কারণে রাষ্ট্রীয় কোটি কোটি টাকার সম্পদ অকালে-অবহেলায় ধ্বংস হয়ে যাচ্ছে। সুতরাং রাষ্ট্রীয় সম্পদ রক্ষণাবেক্ষণ ও হেফাজতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশু ব্যবস্থা গ্রহণ করে রাস্তাকে ভাগারমুক্ত করে দিক।
মঈনউদ্দীন মুনাওয়ার
কলামিস্ট ও সংবাদ বিশ্লেষক
[email protected]