গত ২৫ জুন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সংঘটিত মা ও তিন মেয়ে সায়মা আক্তার, ইকরা আক্তার এবং শিফা আক্তারকে নৃশংসভাবে হত্যা করার ঘটনা পুরো দেশকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি নিরীহ পরিবারের চার সদস্যকে নিজ বাসায় নির্মমভাবে কুপিয়ে হত্যা করা শুধু একটি অপরাধ নয়, এটি মানবিকতা ও সভ্যতার প্রতি এক ভয়াবহ আঘাত। প্রাথমিকভাবে অন্তর মজুমদার নামের এক যুবকের বিরুদ্ধে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার তথ্য সামনে এলেও ঘটনার প্রকৃত কারণ ও পেছনের রহস্য এখনো পুরোপুরি উন্মোচিত হয়নি। অভিযুক্ত ব্যক্তি গণপিটুনিতে নিহত হওয়ায় তদন্ত আরও জটিল হয়ে পড়েছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে–এটি কি এককভাবে সংঘটিত অপরাধ, নাকি এর পেছনে আরও কেউ জড়িত? কী কারণে একটি পরিবারের চারজন নিরপরাধ সদস্যকে এত নির্মমভাবে প্রাণ দিতে হলো। এর উত্তর দেশবাসী জানতে চায়।
এ অবস্থায় নিরপেক্ষ, স্বচ্ছ ও পেশাদার তদন্তের কোনো বিকল্প নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে হবে। তদন্তে যদি অন্য কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়, তবে তাকেও দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য, গুজব বা অপপ্রচার ছড়িয়ে তদন্তকে প্রভাবিত না করার বিষয়েও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বর্তমান সময়ে অনেক ঘটনাই সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষণস্থায়ী আলোচনার ভিড়ে হারিয়ে যায়। কিন্তু রায়পুরের এই হৃদয়বিদারক হত্যাকাণ্ড যেন সেই পরিণতির শিকার না হয়। আমরা চাই, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটিত হোক, অপরাধীরা আইনের সর্বোচ্চ শাস্তি পাক এবং নিহতদের পরিবার ন্যায়বিচার লাভ করুক। এটাই আজ দেশবাসীর প্রত্যাশা।
তানহা খানম
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
[email protected]