আধুনিক ফুটবলের অন্যতম বড় তারকা ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই কারো। তবে তারকাদের সবচেয়ে বড় অলংকার শুধু প্রতিভা নয়, আচরণও। প্যারাগুয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে এমবাপ্পের প্রতিভার মুকুটে যেন লেগেছে কলঙ্কের দাগ। প্রতিপক্ষের মাকে নিয়ে অশালীন মন্তব্য, ম্যাচ শেষে ‘বাড়ি ফিরে যাও’ বলে কটাক্ষ করেছেন ফরাসি এই তারকা। ফলে জয়ের রাতেও এমবাপ্পেকে ঘিরে আলোচনা এখন তার গোল নয় বরং মুখের ভাষা।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, প্রথমার্ধে প্যারাগুয়ের ডিফেন্ডার জুনিয়র আলোনসোর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় স্প্যানিশ ভাষায় তার মাকে নিয়ে অশালীন গালি দেন এমবাপ্পে, যা ছাপার অযোগ্য। রিয়াল মাদ্রিদে খেলার সুবাদে স্প্যানিশে সাবলীল ফরাসি ফরোয়ার্ডের সেই মন্তব্য মাঠের টেলিভিশন ক্যামেরাতেও ধরা পড়ে বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি।
ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে পেনাল্টি থেকে একমাত্র গোলে ফ্রান্সকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন এমবাপ্পে। তবে ম্যাচজুড়ে তাকে লক্ষ্য করে ছিল প্যারাগুয়ের কঠোর ট্যাকল ও উসকানিমূলক আচরণ। মাতিয়াস গালারসা ফোন্দা বলের বাইরে গিয়ে তাকে ফেলে দেন। পরে হুয়ান কাসেরেস মাটিতে পড়ে থাকা এমবাপ্পেকে লাথিও মারেন। দুটি ঘটনাতেই রেফারি কিংবা ভিএআর কোনো ব্যবস্থা নেয়নি।
পেনাল্টি নেওয়ার আগেও দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ম্যাচ শেষে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। টিওয়াইসি স্পোর্টসের দাবি, এমবাপ্পে প্রথমে প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিলের দিকে চিৎকার করেন, পরে প্রতিপক্ষকে উদ্দেশ করে বলেন, ‘বাড়ি ফিরে যাও।’ গিল করমর্দনের জন্য হাত বাড়ালেও তাকে উপেক্ষা করেন ফরাসি অধিনায়ক। পরে এমবাপ্পে বলেন, ‘ওরা যদি আমাদের গালাগাল করে, আমরাও জবাব দেব। প্রয়োজন হলে আমরাও হাত নোংরা করব।’ প্যারাগুয়ের কৌশলকে তিনি ‘নোংরা’ বলেও আখ্যা দেন।
ম্যাচে প্যারাগুয়ের রুক্ষ ফুটবল নিয়ে ইউরোপের সাবেক ফুটবলার ও বিশ্লেষকেরা সমালোচনা করেছেন। কিন্তু একই সঙ্গে এমবাপ্পের আচরণও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্ব ফুটবলের অন্যতম বড় মুখ হিসেবে প্রতিপক্ষের মাকে নিয়ে অশালীন মন্তব্য কিংবা বিদ্রূপাত্মক আচরণ তার মর্যাদার সঙ্গে যায় না বলেই মনে করছেন অনেকেই। জয়ের রাতে গোলের চেয়ে তাই বেশি আলোচনায় উঠে এসেছে এমবাপ্পের আচরণ।
চঞ্চল/এসএন