বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে প্রতিপক্ষের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডকে ঘিরে আলাদা কোনো কৌশল নেওয়ার প্রয়োজন দেখছেন না ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তার বিশ্বাস, হালান্ডকে কীভাবে সামলাতে হবে সে বিষয়ে ব্রাজিলের রক্ষণভাগ যথেষ্ট অভিজ্ঞ।
চলতি বিশ্বকাপে তিন ম্যাচে পাঁচ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন নরওয়ের এই গোলমেশিন। নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য শেষ ষোলোর ম্যাচে তার মুখোমুখি হবেন ব্রাজিলের অভিজ্ঞ ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইস ও অধিনায়ক মার্কিউনোস। ক্লাব ফুটবলে হালান্ডের বিপক্ষে খেলার অভিজ্ঞতা থাকায় তাদের ওপরই ভরসা রাখছেন আনচেলত্তি।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ বলেন, ‘হালান্ড কীভাবে খেলে, সেটা সবাই জানে। আমার ডিফেন্ডারদের নতুন করে কিছু বোঝানোর প্রয়োজন নেই। তারা এর আগে একাধিকবার তার বিপক্ষে খেলেছে।’ তিনি আরও বলেন, ‘হালান্ডকে আটকানোর জন্য আলাদা কোনো পরিকল্পনা নেই। আমার খেলোয়াড়রা জানে কীভাবে শক্তিশালী ফরোয়ার্ডদের মোকাবিলা করতে হয়।’
অন্যদিকে, ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গুইমারায়েস মনে করেন, হালান্ডকে থামানোর সবচেয়ে কার্যকর উপায় হলো তার কাছে বল পৌঁছাতে না দেওয়া। নিউক্যাসলের হয়ে প্রিমিয়ার লিগে খেলার সুবাদে নরওয়েজিয়ান তারকার খেলার ধরন সম্পর্কে ভালো ধারণা রয়েছে তার।
গুইমারায়েস বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে যেন কোনোভাবেই বল হালান্ডের পায়ে না পৌঁছায়। আমরা আক্রমণাত্মক খেলব, তবে একই সঙ্গে সবসময় একজনকে তাঁর ওপর নজর রাখতে হবে। কারণ একটি সুযোগ পেলেই সে ম্যাচের ফল বদলে দিতে পারে।’
পাপ্পু/অনিক/