কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলের হারে বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেও কোচ কার্লোস কুইরোজকে দলে রেখে দেওয়ার পক্ষে মত দিয়েছেন ঘানার অধিনায়ক জর্ডান আইয়ু। দলের ব্যর্থ বিদায় সত্ত্বেও তিনি বিশ্বাস করেন, অভিজ্ঞ এই কোচের অধীনেই ঘানা ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারবে।
ম্যাচের ১৪তম মিনিটে জন আরিয়াসের একমাত্র গোলে জয় পায় কলম্বিয়া, ফলে তারা শেষ ১৬-তে সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার টিকিট নিশ্চিত করে। অন্যদিকে পুরো ম্যাচে প্রতিপক্ষের পোস্টে একটি শটও রাখতে না পারা ঘানার পারফরম্যান্স ছিল হতাশাজনক।
তবে এমন ব্যর্থতার পরও কোচ কুইরোজেরর প্রতি আস্থা হারাতে চান না অধিনায়ক জর্ডান আইয়ু। তিনি বলেন, ‘আমি আশা করি তিনি থাকবেন, আমি সত্যিই তা মনেপ্রাণে চাই। আমার মনে হয় আমাদের ফুটবলকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য তিনিই সঠিক ব্যক্তি।’
তিনি আরও বলেন, ‘আমি চেয়েছিলাম আমাদের শেষটা আরও ভালো হোক, কিন্তু এখন আমাদের সামনে এগিয়ে যেতে হবে। নতুন কোচ, নতুন কৌশল-এই সব কিছুর মধ্যেও আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। এখন আমাদের ভবিষ্যতের দিকে তাকাতে হবে।’
স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, ঘানা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে কার্লোস কুইরোজের চুক্তি ছিল স্বল্পমেয়াদি। আগামী আফ্রিকা কাপ অব নেশনস বাছাইপর্ব সামনে রেখে দ্রুতই নতুন সিদ্ধান্ত নিতে হবে সংস্থাটিকে।
পাপ্পু/অনিক/