প্যারাগুয়ের কঠোর ও শারীরিক ফুটবলের বিরুদ্ধে লড়াই করে ১-০ গোলের গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। তীব্র দাবদাহের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে একমাত্র গোলটি করেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। জয়ের পর তিনি জানিয়ে দেন, প্রয়োজনে ফ্রান্সও প্রতিপক্ষের কঠিন কৌশলের জবাব একইভাবে দিতে প্রস্তুত।
ম্যাচজুড়ে প্যারাগুয়ের শারীরিক ফুটবল ও ধারাবাহিক উস্কানির মুখে পড়তে হয় ফরাসিদের। তবে সংযম হারাননি এমবাপ্পে। ম্যাচ শেষে ফরাসি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা জানতাম আজ কেমন ম্যাচ হতে যাচ্ছে। আমরাও হাত নোংরা করতে পারি, কীভাবে করতে হয় সেটাও জানি। প্রয়োজনে আমরাও 'কুৎসিত' ফুটবল খেলতে পারি। হয়তো তারা ভেবেছিল আমরা মাঠে টাক্সিডো পরে শুধু সুন্দর ফুটবল খেলতে এসেছি, কিন্তু আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম।’
ফিলাডেলফিয়ায় তাপপ্রবাহের মধ্যে অনুষ্ঠিত ম্যাচে তাপমাত্রা প্রায় ১০০ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছায়। এমন কঠিন আবহাওয়ায় দীর্ঘ সময় প্যারাগুয়ের রক্ষণ ভাঙতে ব্যর্থ হলেও ৭০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে জয়ের পথ দেখান এমবাপ্পে। শেষ পর্যন্ত সেই একমাত্র গোলেই নিশ্চিত হয় ফ্রান্সের কোয়ার্টার ফাইনাল।
৪ জুলাই যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ফিলাডেলফিয়ার গ্যালারিতে লাল-সাদা-নীল রঙে সেজে ওঠা ফরাসি সমর্থকদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো।
ম্যাচ শেষে বদলি হিসেবে নামা ফরাসি মিডফিল্ডার রায়ান চেরকিও সতীর্থ এমবাপ্পের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন। তিনি বলেন, ‘আমরা জানতাম আজ টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল ফুটবল খেলার সুযোগ খুব বেশি থাকবে না। সবাইকে মনে করিয়ে দিয়েছি, ফ্রান্স শুধু সুন্দর ফুটবল খেলে না। আমাদের সঙ্গে লড়াই করতে এলে আমরা একইভাবে জবাব দিতে জানি।’
পাপ্পু/অনিক/