রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা ও জেলার বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃষকেতু চাকমা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। দুইজনকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রবিবার (৫ জুলাই) বেলা দুইটার দিকে শহরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে এই দুই নেতাকে গ্রেপ্তার করে কোতয়ালী থানার পুলিশ।
পরে বিকেল সংশ্লিষ্ট মামলার কার্যক্রম সম্পন্ন করে বিকেল চারটায় কোতয়ালী থানা থেকে জেলা আদালতে দু'জনকে সোপর্দ করে পুলিশ। তবে দীর্ঘদিন আত্নগোপনে থাকা এই দুই আসামিকে গ্রেপ্তার করা থেকে আদালতে সোপর্দ করা পর্যন্ত হাতকড়া পরানো হয়নি। পরে সেখান থেকে দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এর আগে দুপুরে জেলার বাঘাইছড়ি উপজেলার একটি রাজনৈতিক মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানাতে আদালতে আসেন বৃষকেতু চাকমা ও গিয়াস উদ্দিন। পরে আদালত এলাকার বাইরে থেকে গ্রেপ্তার হন দু'জন।
রাঙামাটির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, দুপুরে কোতয়ালী থানা পুলিশের অভিযানে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। দু'জনকে কোতয়ালী থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলা জিআর ০৯/২৫ এ গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
জিয়াউর রহমান জুয়েল/এসএন