বৈরী আবহাওয়া ও উত্তাল মেঘনা নদীর কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রবিবার (৫ জুলাই) সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ায় মূল ভূখণ্ডের সঙ্গে হাতিয়ার নৌযোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সকাল থেকেই হাতিয়ার নলচিরা ঘাটে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে আসা যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায়। তবে নদীতে তীব্র ঢেউ ও প্রতিকূল আবহাওয়ার কারণে কোনো ফেরি, সি-ট্রাক কিংবা যাত্রীবাহী ট্রলার ঘাট ছেড়ে যেতে পারেনি।
ফেরি মহানন্দা-এর মাস্টার তোফাজ্জল হোসেন জানান, উপকূলীয় এলাকায় ৩নং স্থানীয় সতর্কসংকেত বহাল থাকায় প্রশাসনের নির্দেশে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।।
হাতিয়া উপকূলীয় নদীবন্দরের সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে চেয়ারম্যানঘাট-নলচিরা নৌরুটে চলাচলকারী সব সরকারি নৌযানসহ অন্যান্য নৌযানের চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে তিনি জানান।
এদিকে নৌযান চলাচল বন্ধ থাকায় জরুরি কাজে যাতায়াতকারী যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় নৌযান চলাচল শুরু হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
হানিফ সাকিব/খাদিজা রুমি/