যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নোবেল শান্তি পুরস্কার প্রসঙ্গে রসিকতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভাষণে নিজের পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক উদ্যোগের কথা তুলে ধরে ট্রাম্প দাবি করেন, তিনি এ পর্যন্ত আটটি যুদ্ধ থামাতে ভূমিকা রেখেছেন। তবে এত কিছুর পরও নোবেল শান্তি পুরস্কার পাননি—এ কথা হাস্যরসের সঙ্গেই উল্লেখ করেন তিনি। তাঁর এ মন্তব্য অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যেও হাস্যরসের সৃষ্টি করে।
বক্তব্যের একটি বড় অংশ জুড়ে ট্রাম্প তার প্রশাসনের বৈদেশিক নীতি, বিশ্বজুড়ে চলমান বিভিন্ন সংঘাত নিরসনে তার ব্যক্তিগত উদ্যোগ এবং সাম্প্রতিক কূটনৈতিক সাফল্যের নানা দিক তুলে ধরেন। তিনি বোঝাতে চান, তার নেওয়া বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপের কারণেই বিশ্বব্যাপী বেশ কয়েকটি বড় যুদ্ধ ও সংঘাত এড়ানো সম্ভব হয়েছে।
ট্রাম্পের ‘আটটি যুদ্ধ থামানোর’ দাবি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের একাংশের মতে, এটি তার দীর্ঘদিনের রাজনৈতিক বক্তব্য ও আত্মপ্রচারের ধারাবাহিকতারই অংশ। তবে এ দাবির পক্ষে তিনি অনুষ্ঠানে কোনো নির্দিষ্ট তথ্য বা উদাহরণ উপস্থাপন করেননি।
এর আগেও প্রথম মেয়াদে Abraham Accords-সহ বিভিন্ন কূটনৈতিক উদ্যোগের প্রসঙ্গ টেনে নিজেকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য বলে একাধিকবার মন্তব্য করেছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার বার্ষিকীর অনুষ্ঠানে দেওয়া ভাষণেও তিনি একই প্রসঙ্গ হাস্যরসের সুরে তুলে ধরেন।
ট্রাম্পের ভাষণের নোবেল-সংক্রান্ত অংশটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও তা গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে।
এসএন/