ইরানের তেহরানে গ্র্যান্ড মোসাল্লায় সমবেত হয়েছেন হাজার হাজার মানুষ। ছবি: সংগৃহীত
নিরাপত্তা ঝুঁকির কারণে নিজের বাবা তথা ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্য ও জানাজায় উপস্থিত থাকার সম্ভাবনা কম দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির।
তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ ইসলামি জানিয়েছেন, ইসরায়েলি আগ্রাসন এবং হামলার আশঙ্কার মুখে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ ইসলামি বলেন, ‘বর্তমানে ইরানিদের ওপর এবং বিশেষ করে নতুন সর্বোচ্চ নেতার ওপর ইসরায়েলি হামলার তীব্র আশঙ্কা রয়েছে। তাই আমার মনে হয় না তিনি (মোজতবা খামেনি) এই মুহূর্তে জনসমক্ষে আসবেন।’

তিনি আরও বলেন, ‘ইসরায়েলিদের চরিত্র সম্পর্কে আমাদের সবার জানা আছে। তারা আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা করে না। তারা প্রকাশ্যেই ইরানের অভ্যন্তরে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়ে আসছে।’
গবেষক ইসলামির মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনা নস্যাৎ করাই এখন ইসরায়েলের মূল লক্ষ্য। সেই উদ্দেশ্য চরিতার্থ করতে তারা ইরানের বুকে বড় ধরনের নাশকতা চালাতে পারে। আর এ কারণেই নতুন সর্বোচ্চ নেতার জন্য এই মুহূর্তে এমন কোনো বিশাল জনসমাবেশে উপস্থিত হওয়া মোটেও নিরাপদ নয়।

এদিকে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে একটি কাঁচের বাক্সের ভেতর প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং হামলায় নিহত তার পরিবারের অন্য সদস্যদের কফিন উন্মোচন করা হয়েছে। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে সেখানে সমবেত হয়েছেন লাখো মানুষ।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে গ্র্যান্ড মোসাল্লা অভিমুখে যাওয়া রাস্তাগুলোতে মানুষের ঢল নেমেছে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, কালো পোশাক পরিহিত হাজার হাজার মানুষ রাস্তায় ভিড় জমিয়েছেন। তাদের হাতে ইরানের জাতীয় পতাকা এবং বিভিন্ন ধর্মীয় ব্যানার। ইতোমধ্যেই মোসাল্লা কমপ্লেক্সের ভেতরের অংশ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হন। মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা নজরদারির কারণে খামেনির উত্তরসূরি মোজতবা খামেনি এখন পর্যন্ত জনসমক্ষে আসেননি। সূত্র: আল জাজিরা
তামান্না রুপা/অমিয়/