শেষ ৩২-এর ম্যাচে যখন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মিশর, তখন তারা নিশ্চিতভাবেই মাঠে চাইবে দলের প্রাণভ্রমরা মোহাম্মদ সালাহকে। ফিফা বিশ্বকাপে এটিই মিশরের ইতিহাসে প্রথম নকআউট পর্বের ম্যাচ।
গত সপ্তাহে 'জি'-গ্রুপের শেষ ম্যাচে ইরানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে মিশর। সেই ম্যাচের ৫৭ মিনিটে মাঠ ছাড়তে হয়েছিল ৩৪ বছর বয়সী এই তারকাকে। ম্যাচ শেষে মিশরের পক্ষ থেকে নিশ্চিত করা হয় যে, সালাহ হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন।
তবে চোটের দুশ্চিন্তা থাকলেও, অস্ট্রেলিয়া ম্যাচের আগে মিশরের অনুশীলন সেশনে লিভারপুলের সাবেক এই তারকাকে অংশ নিতে দেখা গেছে।
মিশরীয় সমর্থকদের জন্য আরও একরাশ স্বস্তির খবর নিয়ে এসেছেন কোচ হোসাম হাসান। তিনি জানিয়েছেন, প্রথম বারের মতো শেষ ১৬-তে ওঠার লড়াইয়ে শুক্রবারের ম্যাচে মাঠে দেখা যেতে পারে সালাহকে।
কোচ বলেন, ‘আমরা আশা করছি আগামীকাল সে খেলবে, তবে সে (সালাহ) শুরুর একাদশে থাকবে কি না তা এখনও নিশ্চিত নয়। সে তার সতীর্থদের সাথে মাঠে অবদান রাখার জন্য মুখিয়ে আছে।’
তিনি আরও বলেন, ‘বিগত দুই বছর ধরে আমরা মাঠে রক্ষণভাগ কিংবা আক্রমণভাগ-সবখানেই আমাদের নিজস্ব শৈলী, ব্যক্তিত্ব এবং ছাপ তৈরিতে কঠোর পরিশ্রম করেছি। এটি কেবল কোনো একজন খেলোয়াড়ের খেলার ধরনের ওপর নির্ভর করে না, এটি একটি সম্মিলিত প্রচেষ্টা।’
পাপ্পু/রিফাত/