চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দলে ভেড়ানোর গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ।
শুক্রবার (৩ জুলাই) প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে স্প্যানিশ ক্লাবটি জানায়, ফার্নান্দেজকে দলে নেওয়ার জন্য তারা কোনো ধরনের উদ্যোগ নেয়নি এবং ভবিষ্যতেও এমন কোনো পরিকল্পনা নেই।
২৫ বছর বয়সী ফার্নান্দেজ বর্তমানে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে খেলছেন। বেশ কিছুদিন ধরেই সান্তিয়াগো বার্নাব্যুতে তার যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে জোর গুঞ্জন চলছিল। এর আগে ফার্নান্দেজ নিজেও স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। গত এপ্রিলে গ্রীষ্মকালীন দলবদলে রিয়ালে যাওয়ার সম্ভাবনা নিয়ে প্রকাশ্যে কথা বলায় চেলসির তৎকালীন কোচ লিয়াম রোজনিয়ার তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নিয়েছিলেন।
তবে রিয়াল মাদ্রিদ এখন সব জল্পনা-কল্পনাকে সরাসরি উড়িয়ে দিয়েছে। শুক্রবার (৩ জুলাই) ক্লাবটি এক বিবৃতিতে জানায়, ‘গত কয়েকদিনে চেলসি খেলোয়াড় এনজো ফার্নান্দেজের প্রতি রিয়াল মাদ্রিদের আগ্রহ নিয়ে যে সব খবর ও বক্তব্য প্রকাশিত হয়েছে, তার প্রেক্ষিতে ক্লাব স্পষ্টভাবে জানাচ্ছে যে-উক্ত খেলোয়াড়কে দলে নেওয়ার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চেষ্টাই রিয়াল মাদ্রিদ করেনি। একই সাথে, ভবিষ্যতে এমন কোনো চুক্তি করার ইচ্ছাও ক্লাবের নেই।’
বিবৃতিতে রিয়াল মাদ্রিদ ফার্নান্দেজ এবং চেলসির প্রতি তাদের শ্রদ্ধা প্রকাশ করেছে এবং দুই ক্লাবের মধ্যকার চমৎকার প্রাতিষ্ঠানিক সম্পর্ক-এর কথা পুনর্ব্যক্ত করেছে। ক্লাবটি আরও জানায় যে, দলবদল নিয়ে এই ধরণের ভিত্তিহীন গুঞ্জন কেবল সমর্থকদের মধ্যেই বিভ্রান্তি তৈরি করে না, বরং সংশ্লিষ্ট ক্লাব ও ব্যক্তিদের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করে।
পাপ্পু/রিফাত/