ক্যারিয়ারের সেরা সময় পার করছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। মাঠে নামার সময় এখন যতটা আত্মবিশ্বাসী ও স্বাচ্ছন্দ্য বোধ করেন, এর আগে কখনো এমন অনুভূতি হয়নি বলে জানিয়েছেন এই তারকা স্ট্রাইকার।
বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার ম্যাচের রাতে জোড়া গোল করে ইংল্যান্ডকে ২-১ গোলে ডিআর কঙ্গোর বিপক্ষে জয় এনে দেন কেইন। পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনে জয় তুলে নেওয়া থমাস টুখেলের দল পরের পর্বে মুখোমুখি হবে সহ-আয়োজক মেক্সিকোর।
ম্যাচের ৮৬তম মিনিটে করা দ্বিতীয় গোলটি ছিল ২০২৫-২৬ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে কেইনের ৭২তম গোল। এক মৌসুমে এর চেয়ে বেশি গোল করার কীর্তি রয়েছে শুধু লিওনেল মেসির, যিনি ২০১১-১২ মৌসুমে করেছিলেন ৮২ গোল।
‘লায়নস ডেন’ অনুষ্ঠানে ৩২ বছর বয়সী কেইন বলেন, ‘এই মৌসুমে এখন পর্যন্ত আমার ৭২টি গোল হয়েছে। আশা করছি সামনে আরও কিছু গোল করতে পারব। ক্যারিয়ারে আগে কখনো এত গোল করিনি। আগের সেরা মৌসুমের তুলনায় প্রায় ২০টি বেশি গোল করেছি। যদিও এর আগেও আমার অনেক ভালো মৌসুম ছিল।’
নিজের বর্তমান ফর্ম নিয়ে তিনি বলেন, ‘অনেক ভালো সময় পার করেছি, কিন্তু সবকিছু বিবেচনায় এখন মাঠে নামার সময় যতটা ভালো অনুভব করি, ক্যারিয়ারে আগে কখনো এমনটা করিনি।’
নিজের গোল করার সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী এই স্ট্রাইকার বলেন, ‘পরিস্থিতি যেমনই হোক, যেকোনো সুযোগ পেলেই আমার বিশ্বাস থাকে আমি গোল করতে পারব। মনে হচ্ছে সবকিছু ঠিক সময়েই একসঙ্গে মিলে যাচ্ছে।’
পরবর্তী ম্যাচ নিয়ে কেইন বলেন, ‘আমি এখন খুব ভালো অবস্থানে আছি। আমার পুরো মনোযোগ পরের ম্যাচে। ম্যাচগুলো দ্রুত আসছে, এটাও ইতিবাচক।’
পাপ্পু/রিফাত/