প্রথমার্ধে আধিপত্য দেখিয়েও গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসে ক্রোয়েশিয়া। ৫৩ মিনিটে ইভান পেরিসিচের গোলে এগিয়ে যায় তারা। তবে ম্যাচের ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো।
শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৫টায় টরন্টো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। প্রথমার্ধে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল পর্তুগাল, তবে একের পর এক সুযোগ নষ্ট হওয়ায় গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের গতি বদলে যায়। আগের চেয়ে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ক্রোয়েশিয়া। এক পর্যায়ে বক্সের ভেতরে কয়েকজন ডিফেন্ডারের মাঝ দিয়ে এগিয়ে যান মাতেও কোভাচিচ। তবে তার শট দারুণভাবে ঠেকিয়ে দেন পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কস্তা।
চাপ অব্যাহত রেখেই সফলতা পায় ক্রোয়েশিয়া। ডান দিক থেকে জোসিপ স্তানিসিচের নিখুঁত ক্রসে ইভান পেরিসিচ বল নিয়ন্ত্রণে নিয়ে দ্রুত শটে পর্তুগালকে পিছিয়ে দেন। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ক্রোয়েশিয়া।
গোলের পর আরও আক্রমণে যায় তারা। ৫৭ মিনিটে আবারও বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। অন্যদিকে ৬০ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করলেও সেটিও অফসাইডের কারণে বাতিল করে দেন রেফারি।
এরপর ম্যাচে আসে বড় মোড়। কর্নারের সময় বক্সের ভেতর রেনাটো ভেইগাকে অব দ্য বল অবস্থায় আটকে দেন ক্রোয়েশিয়ার নিকোলা ভ্লাশিচ। ঘটনাটি ভিএআর-এ পর্যালোচনার পর পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।
স্পট-কিক থেকে কোনো ভুল করেননি রোনালদো। নিখুঁত শটে বল জালে পাঠিয়ে পর্তুগালকে সমতায় ফেরান তিনি।
এসজি/