আজ (২ জুলাই) মুখোমুখি হচ্ছে স্পেন এবং অস্ট্রিয়া। লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে রাউন্ড-৩২ এর ম্যাচটি। গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে অস্ট্রিয়ার কোচ রালফ রাঙ্গনিক জানিয়েছেন, স্পেনকে হারাতে ইয়ামালকে থামানোই তাদের মূল লক্ষ্য।
হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফেরা ১৮ বছর বয়সী ইয়ামালকে সতর্কতার সঙ্গে খেলাচ্ছে স্পেন। গ্রুপ পর্বের তিন ম্যাচে তিনি খেলেছেন মোট ১৪১ মিনিট, করেছেন একটি গোল। তবে অস্ট্রিয়া ম্যাচ পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত এই তরুণ, এটা নিশ্চিত করেছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।
ইয়ামালের সুস্থতার বার্তা পেয়ে অস্ট্রিয়াও প্রস্তত তরুণ স্প্যানিয়ার্ডকে আটকাতে। রাঙ্গনিক বলেন, ‘লামিনে ইয়ামাল অসাধারণ প্রতিভাবান একজন ফুটবলার। আগামী ১২ থেকে ১৪ বছর, এমনকি তারও বেশি সময় বিশ্ব ফুটবলে সে শীর্ষ পর্যায়ে থাকতে পারে। যদি সে চোটমুক্ত থাকে এবং সঠিক মানসিকতা ধরে রাখতে পারে, তাহলে সামনে তার জন্য আরও অসংখ্য ম্যাচ অপেক্ষা করছে।’
ইয়ামালকে ঠেকানোর কৌশল নিয়ে কোচ বলেন, ‘সে এমন একজন খেলোয়াড়, যাকে আমাদের খুব কাছ থেকে নজরে রাখতে হবে। তাকে ড্রিবলিং শুরু করার মতো জায়গা দেওয়া যাবে না। বিশ্বের ফুটবলপ্রেমীরা তার খেলা উপভোগ করেন, কিন্তু আমাদের দায়িত্ব হবে তার পায়ে যতটা সম্ভব কম বল পৌঁছাতে দেওয়া।’
গ্রুপ পর্বে তিন ম্যাচে ছয় গোল করে নকআউট পর্বে উঠেছে অস্ট্রিয়া, যা স্পেনের চেয়ে একটি বেশি। তবে ২০২৩ সালের মার্চ থেকে শেষ ৩৪ ম্যাচ অপরাজিত থাকা স্পেনের বিপক্ষে জয় পেতে নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে বলেও মনে করেন রাঙ্গনিক।
পাপ্পু/অনিক/