বিশ্বকাপ থেকে বিদায়ের বেদনা কাটার আগেই আরও বড় শোকের মুখোমুখি হলেন ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো দলের কোচ সেবাস্তিয়ান দেসাব্রে। ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলন চলাকালীন তিনি জানতে পারেন, তার বাবা মারা গেছেন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এ ইংল্যান্ডের কাছে নাটকীয়ভাবে হারের পর এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। সংবাদ সম্মেলনের শেষ দিকে দলের এক মিডিয়া কর্মকর্তা উপস্থিত সাংবাদিকদের জানান, ‘আপনাদের সবাইকে ধন্যবাদ। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের কোচ তার বাবাকে হারিয়েছেন। তার প্রতি আমাদের গভীর সমবেদনা।’
দেসাব্রে আগে থেকেই বাবার মৃত্যুর খবর জানতেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘোষণাটি শোনার পর তাকে গভীরভাবে শোকাহত ও হতবাক দেখা যায়। এরপর তিনি তাৎক্ষণিকভাবে সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করেন।
ম্যাচের সপ্তম মিনিটে গোল করে এগিয়ে যাওয়া কঙ্গো এক ঘণ্টারও বেশি সময় ইংল্যান্ডকে চাপে রেখেছিল। তবে শেষ ১৫ মিনিটে অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোলে ম্যাচের মোড় ঘুরে যায়। ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে ইংল্যান্ড।
ম্যাচ শেষে দেসাব্রে বলেন, ‘আপনি যখন জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন, তখন মাঠে এবং মাঠের বাইরে দেশের জন্য একটি ইতিবাচক ভাবমূর্তি রেখে যাওয়া গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস, আমরা সেটি করতে পেরেছি।’
বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশার মধ্যেও দলের অর্জনকে ইতিবাচকভাবে দেখছেন তিনি। তার ভাষ্যে, ‘বিদায়ের কষ্ট অবশ্যই আছে, কিন্তু আমরা হতাশার চেয়ে নিজেদের পারফরম্যান্স নিয়েই বেশি গর্বিত। এই টুর্নামেন্টে আমরা পাঁচটি গোল করেছি এবং র্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে এগিয়ে থাকা কয়েকটি শক্তিশালী দলের বিপক্ষে লড়াই করে ভালো ফল পেয়েছি।’