বিশ্বকাপের শেষ ষোলোতে স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে ম্যাচের আগে উচ্চতাজনিত প্রতিকূলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। তার মতে, এত অল্প সময়ে এই পরিবেশের সঙ্গে শারীরিকভাবে মানিয়ে নেওয়া সম্ভব নয় এবং এটি ইংল্যান্ডের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
ডিআর কঙ্গোর বিপক্ষে হ্যারি কেইনের জোড়া গোলে জয় তুলে নিয়ে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে ইংল্যান্ড। এবার তাদের লড়তে হবে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,২০০ ফুট উঁচুতে অবস্থিত।
উচ্চতার কারণে সেখানে বাতাসে অক্সিজেনের পরিমাণ তুলনামূলক কম থাকায় খেলোয়াড়দের শারীরিক সক্ষমতার ওপর প্রভাব পড়ে। বিশেষজ্ঞদের মতে, এমন পরিবেশে প্রতিযোগিতামূলক ম্যাচের আগে অন্তত এক থেকে দুই সপ্তাহ অনুশীলন করলে শরীর ধীরে ধীরে মানিয়ে নিতে পারে। কিন্তু ইংল্যান্ড দল ম্যাচের মাত্র দুই দিন আগে মেক্সিকো সিটিতে পৌঁছাবে।
এ বিষয়ে টুখেল বলেন, ‘উচ্চতার বিষয়টি আমাদের জন্য বড় অসুবিধা তৈরি করবে। এর সঙ্গে খাপ খাইয়ে নিতে অনেক সময় লাগে। দুই ম্যাচের মাঝে আমরা মাত্র তিন দিন সময় পাচ্ছি। এত অল্প সময়ে শারীরিকভাবে মানিয়ে নেওয়া সম্ভব নয়।’
অন্যদিকে, স্বাগতিক মেক্সিকো ইতোমধ্যে বিশ্বকাপের চারটি ম্যাচই উচ্চতাজনিত পরিবেশে খেলেছে। এর মধ্যে তিনটি ম্যাচ হয়েছে আজতেকা স্টেডিয়ামে এবং একটি গুয়াদালাহারায়, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫,০০০ ফুট উঁচুতে অবস্থিত। ফলে এই পরিবেশে খেলার অভিজ্ঞতায় তারা স্পষ্ট সুবিধাজনক অবস্থানে থাকবে।
পাপ্পু/অন্তরা/