বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের সেরা ছন্দে ফিরতে পারলে স্পেনকে থামানো কঠিন হবে বলে মন্তব্য করেছেন তরুণ তারকা ল্যামিন ইয়ামাল। শিষ্যের এমন আত্মবিশ্বাসী মন্তব্যকে ইতিবাচকভাবেই দেখছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার মতে, ইয়ামালের আত্মবিশ্বাস পুরো দলকে অনুপ্রাণিত করছে।
গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ নিশ্চিত করলেও এখন পর্যন্ত নিজেদের সেরা ফুটবল খেলতে পারেনি স্পেন। কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর সৌদি আরবকে ৪-০ এবং উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে তারা। শুক্রবার (৩ জুলাই) সোফি স্টেডিয়ামে শেষ বত্রিশের ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে স্প্যানিশরা।
বিশ্বকাপের আগে চোট কাটিয়ে দলে ফেরা ইয়ামাল সম্প্রতি এক রেডিও সাক্ষাৎকারে বলেন, ‘আমরা একবার আমাদের চেনা ছন্দে ফিরতে পারলে আমাদের থামানো প্রায় অসম্ভব হবে।’ তার মতে, স্পেনের কাছ থেকে সবাই এখনো প্রকৃত সুন্দর ফুটবল দেখার প্রত্যাশা করছে।
ইয়ামালের মন্তব্য নিয়ে দে লা ফুয়েন্তে বলেন, ‘ও একজন ইতিবাচক খেলোয়াড়, যে নিজের এবং সতীর্থদের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রাখে। আমরা জানি আমাদের সম্ভাবনা কতটুকু এবং কতদূর যেতে পারি। ইয়ামালের কথাগুলো সঠিক প্রেক্ষাপটে দেখলে এগুলো দলের জন্য ইতিবাচক বার্তা। ও আত্মবিশ্বাস ছড়িয়ে দিচ্ছে, যা আমার খুব ভালো লেগেছে।’
প্রতিপক্ষ অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিকও ইয়ামালের প্রতিভার ভূয়সী প্রশংসা বলেন, ‘ও অসাধারণ প্রতিভাবান একজন ফুটবলার। ফিট থাকতে পারলে আগামী এক যুগ কিংবা তারও বেশি সময় বিশ্ব ফুটবলে দাপট দেখাতে পারে। তবে আগামীকালের ম্যাচে আমাদের কাজ ওর খেলা উপভোগ করা নয়, বরং ওকে জায়গা না দেওয়া এবং বলের সংস্পর্শ যতটা সম্ভব কমিয়ে রাখা।’
বিজ্ঞপ্তি/