যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের অ্যান্টেনার চূড়ায় উঠে শান্তির বার্তাসংবলিত পতাকা টানানো ও বাগ্দানের ঘটনায় দুই রুশ নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১ জুলাই) স্থানীয় সময় দুপুরে ১ হাজার ৪৫৪ ফুট উঁচু ভবনটির চূড়ায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার দুজন হলেন অ্যাঞ্জেলা নিকোলাউ ও ইভান কুজনেতসভ। ইভান ‘ইভান বিয়ারকাস’ নামেও পরিচিত। তাদের বয়স যথাক্রমে ৩৩ ও ৩২ বছর।
তারা রাশিয়ার বাসিন্দা হলেও বর্তমানে নিউজার্সির ইস্ট অরেঞ্জে থাকেন বলে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে।
ভিডিওতে দেখা যায়, কালো পোশাক ও মুখোশ পরে কোনো নিরাপত্তা দড়ি ছাড়াই ভবনটির অ্যান্টেনার সরু কাঠামোয় ওঠেন তারা। সেখানে তারা একটি কালো পতাকা টানান। পতাকায় লেখা ছিল, ‘যখন ভালোবাসার শক্তি ক্ষমতার লোভকে পরাজিত করে, তখন বিশ্ব শান্তি লাভ করে।’
কিছুক্ষণ পর পতাকাটি নামিয়ে অ্যান্টেনার নিচের একটি প্ল্যাটফর্মে নামেন দুজন। সেখানে ইভান হাঁটু গেড়ে অ্যাঞ্জেলাকে আংটি পরানোর প্রস্তাব দেন বলে ভিডিওতে দেখা যায়। পরে তারা আলিঙ্গন ও চুম্বন করেন। অ্যাঞ্জেলা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে আংটি পরা হাতের ছবিও প্রকাশ করেন।
তবে তাদের নিচে নামার সময় নিউইয়র্ক পুলিশের জরুরি সেবা ইউনিটের সদস্যরা অ্যান্টেনায় উঠে তাদের আটক করেন।
পুলিশ সদস্যদের বডিক্যাম ভিডিওতে এক কর্মকর্তা তাদের বলেন, ‘আপনারা এখানে থাকতে পারেন না।’ জবাবে একজনকে বলতে শোনা যায়, ‘আমাদের বাগ্দান হয়েছে।’
পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে চুরি, বেপরোয়া আচরণের মাধ্যমে জীবন বিপন্ন করা, অনধিকার প্রবেশসহ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। কীভাবে তারা ভবনটির জনসাধারণের জন্য নিষিদ্ধ অংশে পৌঁছালেন, তা তদন্ত করা হচ্ছে।
এম্পায়ার স্টেট বিল্ডিং কর্তৃপক্ষ ঘটনাটিকে অননুমোদিত বলে উল্লেখ করেছে। তবে এ ঘটনায় ভবনের ভেতরে থাকা অন্যদের কোনো ঝুঁকি তৈরি হয়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
অ্যাঞ্জেলা নিকোলাউ ও ইভান বিয়ারকাস উচ্চ ভবনের চূড়ায় ওঠার ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড বা ‘রুফটপিং’-এর জন্য পরিচিত। তাদের সম্পর্ক ও এমন কর্মকাণ্ড নিয়ে ২০২৪ সালে Skywalkers: A Love Story নামে একটি তথ্যচিত্র প্রকাশিত হয়েছে। সূত্র: এপি ও সিবিএস
অমিয়/