যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘টুডে শো’র মঞ্চে ফুটবল বিশ্বকাপের আবহ ছড়িয়ে দিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত প্রযোজক ও ডিজে সানজয় এবং বলিউড অভিনেত্রী-নৃত্যশিল্পী নোরা ফাতেহি। তাদের প্রাণবন্ত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে।
এনবিসির বহুল জনপ্রিয় ‘টুডে শো’র ‘থার্ড আওয়ার’ পর্বে অতিথি হিসেবে অংশ নিয়ে বিশ্বকাপের থিমসং ‘সির সির’ পরিবেশন করেন তারা। ক্রীড়া উৎসবকে কেন্দ্র করে সাজানো বিশেষ পর্বে সানজয়ের সংগীতায়োজন এবং নোরার নাচ-গান মিলিয়ে তৈরি হয় এক বর্ণিল আয়োজন।
মঞ্চে সানজয়ের ইলেকট্রনিক ড্যান্স মিউজিক ও পপ ঘরানার সংমিশ্রণে তৈরি সুরে পারফর্ম করেন নোরা। পরিবেশনার আগে অনুষ্ঠানের উপস্থাপকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বিশ্বকাপের মতো বৈশ্বিক আয়োজনের অংশ হতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত।
নোরা বলেন, ফুটবল এমন একটি খেলা যা পৃথিবীর নানা প্রান্তের মানুষকে একত্রিত করে। সেই উৎসবের সঙ্গে সংগীতের মাধ্যমে যুক্ত হতে পারা তার জন্য বিশেষ অভিজ্ঞতা।
পরিবেশনার সময় সানজয়কে কিবোর্ড ও মিক্সিং কনসোলের মাধ্যমে সরাসরি সংগীত পরিচালনা করতে দেখা যায়। তার সংগীতের তালে তালে নৃত্যশিল্পীদের অংশগ্রহণে পুরো স্টুডিও উৎসবমুখর হয়ে ওঠে। বিভিন্ন দেশের পতাকা হাতে নৃত্যশিল্পীদের উপস্থিতি বিশ্বকাপের বৈশ্বিক আবহকে আরও প্রাণবন্ত করে তোলে।
গানের ছন্দ ও উদ্দীপনা এতটাই সংক্রামক ছিল যে, একপর্যায়ে অনুষ্ঠানের উপস্থাপকেরাও মঞ্চে উঠে নাচে যোগ দেন। এতে পুরো পরিবেশনা আরও প্রাণবন্ত হয়ে ওঠে এবং দর্শকদের করতালিতে মুখরিত হয় স্টুডিও।
বাংলাদেশে জন্ম নেওয়া সানজয় পরবর্তীতে যুক্তরাষ্ট্রে স্থায়ী হন। পশ্চিমা সংগীতের সঙ্গে দক্ষিণ এশিয়ার সুর ও সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে তিনি আন্তর্জাতিক অঙ্গনে নিজস্ব পরিচিতি গড়ে তুলেছেন। বিশ্বব্যাপী জনপ্রিয় বিভিন্ন সংগীত প্রযোজনার মাধ্যমে তিনি ইতোমধ্যেই সংগীতাঙ্গনে শক্ত অবস্থান তৈরি করেছেন।
মার্কিন মূলধারার টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠানে এই পরিবেশনা সানজয়ের আন্তর্জাতিক সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করল বলেই মনে করছেন সংগীতসংশ্লিষ্টরা। অন্যদিকে নোরা ফাতেহির উপস্থিতি ও পারফরম্যান্সও বিশ্বকাপের উচ্ছ্বাসকে আরও এক ধাপ উঁচুতে নিয়ে গেছে।
/এমটি