এ সময়ের জনপ্রিয় মডেল অভিনেত্রী নাজনীন নীহা। দীর্ঘদিন ধরেই তার প্রেম-বিয়ে নিয়ে চলছে আলোচনা। এতোদিন বিষয়টি অস্বীকার করে আসছেন এই অভিনেত্রী। এবার নতুন করে গুঞ্জনের জন্ম দিয়েছেন নীহা নিজেই। কারণ ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করেছেন এই অভিনেত্রী। এরপর থেকে অনুরাগীদের মধ্যে ছড়িয়ে পড়ে নীহার বাগদানের খবর।
সোমবার (২৯ জুন) নিজের ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ হিসেবে হালনাগাদ করেন নাজনীন নীহা। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা জল্পনা। অনেকেই ধরে নেন, চুপিসারে বাগদান সেরেছেন এই অভিনেত্রী।
স্ট্যাটাস পরিবর্তনের পর মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অসংখ্য শুভেচ্ছাবার্তা পেলেও এসব মন্তব্যের কোনো উত্তর দেননি নীহা।
পরে বিষয়টি নিয়ে গণমাধ্যমকে নাজনীন নীহা বলেন, ‘আমি কিন্তু কোথাও বাগদানের কথা উল্লেখ করিনি। শুধু লিখেছি, এনগেজড। তার মানে আমি এখন আর সিঙ্গেল না। কারও না কারও সাথে সম্পর্কে জড়িয়েছি। বাকিটুকু সময় হলে জানতে পারবেন।’
এই অভিনেত্রী আরো বলেন, ‘আমি আমার জায়গা থেকে অনেস্ট থাকতে পছন্দ করি। ফেসবুক স্ট্যাটাস এনগেজড মিনস আমি এখন আর সিঙ্গেল না। এই তথ্যটা যেমন কাউকে খুঁজে বের করতে হয়নি, আমি নিজেই জানিয়েছি । তেমনি কোন একটা সুইটেবল সময়ে ইন্ডিভিজুয়াল এর পরিচয়ও জানাব।’
এর আগেও চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের একটি ছবি পোস্ট করেছিলেন নীহা। সেই পোস্ট ঘিরেও তার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে।