জামালপুরের মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ জুন) দুপুরে উপজেলার হাওয়াই ব্রিজ এলাকায় ‘মেলান্দহ-মাদারগঞ্জের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
বক্তারা বলেন, ‘মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মিত হলে জামালপুর, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুরসহ উত্তরাঞ্চলের সব জেলার মানুষের যাতায়াত সহজ হবে। এতে মানুষের যাতায়াতের দুর্ভোগ কমার পাশাপাশি কৃষি, বাণিজ্য, শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার হবে এবং এ অঞ্চলের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।’
বক্তারা আরও বলেন, ‘ভৌগোলিক অবস্থান বিবেচনায় মাদারগঞ্জ থেকে সারিয়াকান্দির দূরত্ব নদীপথে অত্যন্ত কম, যা সেতু নির্মাণের জন্য সবচেয়ে উপযোগী। দ্রুত এ দাবি বাস্তবায়ন করা না হলে আগামীতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও তারা ঘোষণা দেন।’
মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, স্থানীয় বাসিন্দা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, পৌর বিএনপির সভাপতি আলহাজ আব্দুল গফুর, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ মজনু ফকির, বালিজুড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মুসা এবং বাংলাদেশ শিক্ষক সমিতি, মাদারগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
রিফাত/