জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (২৮ জুন) সকালে নগর ভবনে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
রাসিক সূত্রে জানা গেছে, এবারের ক্যাম্পেইনে মহানগরীর ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ১১৩ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৭ হাজার ২৮২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, শিশুদের সুস্থ, সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গঠনে ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো শিশু যেন এ কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে বিষয়ে অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে।
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাসিক সচিব সোহেল রানা।
এ সময় পরিবার পরিকল্পনা বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন, রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের এবং স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
রাসিক জানিয়েছে, মহানগরীর ৩০টি ওয়ার্ডের ৩৮৪টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। পাশাপাশি ক্যাম্পেইনের দিন ওয়ার্ড কার্যালয়গুলোতে রাত ৮টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
এ কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ক্যাম্পেইন সফলভাবে পরিচালনার জন্য ৩৮৪টি কেন্দ্রে দুইজন করে মোট ৭৬৮ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন।
এনায়েত/এএফ