ঘর সাজানোর অনুষঙ্গ হিসেবে আয়নার ব্যবহার অনেক পুরোনো। প্রয়োজনের পাশাপাশি এটি এখন হয়ে উঠেছে ঘরের সৌন্দর্য বাড়ানোর অন্যতম জনপ্রিয় উপকরণ। সঠিক জায়গায় এবং মানানসই নকশার আয়না ঘরের সৌন্দর্য যেমন বাড়ায়, তেমনি ঘরকে আরও উজ্জ্বল, প্রশস্ত ও প্রাণবন্ত দেখাতেও সাহায্য করে। তাই ঘর সাজাতে আয়না হতে পারে সহজ অথচ দারুণ কার্যকর একটি উপায়। লিখেছেন মুশফিরাত
ঘরকে বড় দেখানোর সহজ কৌশল
ছোট ঘরকে তুলনামূলক বড় ও খোলামেলা দেখাতে আয়নার ব্যবহার বেশ কার্যকর। সঠিক জায়গায় একটি বড় আয়না রাখলে আলো প্রতিফলিত হয়ে ঘরে তৈরি হয় গভীরতার অনুভূতি, ফলে জায়গা বাস্তবের তুলনায় আরও প্রশস্ত মনে হয়। বিশেষ করে ড্রয়িংরুম, ডাইনিং স্পেস কিংবা ছোট বেডরুমের দেয়ালে বড় আয়না ব্যবহার করলে পুরো ঘরেই আসে একটি উন্মুক্ত ও আরামদায়ক আবহ। অনেকেই ছোট অ্যাপার্টমেন্টে দেয়ালের এক পাশে লম্বা আয়না ব্যবহার করেন, যা জায়গাকে আরও পরিপাটি ও বিস্তৃত দেখাতে সাহায্য করে। অল্প সাজের মধ্যেও এমন একটি আয়না ঘরের সৌন্দর্যে এনে দিতে পারে বড় পরিবর্তন।
আলো বাড়াতে আয়নার ব্যবহার
ঘরের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে আলোর ওপর। আর আলোকে আরও সুন্দরভাবে ছড়িয়ে দিতে আয়না হতে পারে দারুণ একটি উপায়। জানালার পাশে বা বিপরীত দিকে আয়না রাখলে বাইরের প্রাকৃতিক আলো প্রতিফলিত হয়ে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে দিনের বেলায় ঘর আরও উজ্জ্বল, সতেজ ও প্রাণবন্ত দেখায়। শুধু দিনের আলো নয়, সন্ধ্যায় ল্যাম্প, ওয়াল লাইট বা ঝাড়বাতির আলোও আয়নায় প্রতিফলিত হয়ে ঘরে তৈরি করে উষ্ণ ও নান্দনিক পরিবেশ। বিশেষ করে আলো কম আসে এমন ঘরে আয়নার ব্যবহার ঘরকে আরও আলোকিত ও আরামদায়ক করে তুলতে পারে। সুন্দর আলো আর মানানসই আয়নার সমন্বয়ে খুব সহজেই ঘরের পরিবেশে আনা যায় নতুনত্ব।
ডেকোরেটিভ আয়নায় বাড়ুক নান্দনিকতা
এখন বাজারে বিভিন্ন ডিজাইন, আকৃতি ও ফ্রেমের আয়না পাওয়া যায়। গোল, ডিম্বাকৃতি, আয়তাকার কিংবা জ্যামিতিক নকশার আয়না সবই ঘরের সাজে নতুনত্ব আনে। কাঠের ফ্রেম, ধাতব ফিনিশ কিংবা মিনিমাল ডিজাইনের আয়না ঘরের স্টাইলের সঙ্গে মিলিয়ে বেছে নেওয়া যায়। অনেক সময় একটি সুন্দর আয়নাই দেয়ালের প্রধান আকর্ষণ হয়ে ওঠে।
কোন ঘরে কেমন আয়না
ঘরের ধরন অনুযায়ী আয়না বেছে নিলে সৌন্দর্য আরও ভালোভাবে ফুটে ওঠে। ড্রয়িংরুমে বড় বা মাঝারি আকারের নান্দনিক ফ্রেমের আয়না বেশ মানিয়ে যায়। এতে ঘর উজ্জ্বল ও পরিপাটি দেখায়। শোবার ঘরে ড্রেসিং আয়নার পাশাপাশি ছোট ডেকোরেটিভ আয়না বা আলমারির দরজায় ফুল-লেন্থ আয়না ব্যবহার করা যায়। ডাইনিং স্পেসে আয়না রাখলে আলো প্রতিফলিত হয়ে জায়গাটি আরও প্রাণবন্ত লাগে। আবার প্রবেশপথ বা করিডোরে একটি মানানসই আয়না ব্যবহারিক সুবিধার পাশাপাশি ঘরের সৌন্দর্যও বাড়ায়।
কিছু বিষয় মাথায় রাখুন
ঘর সাজাতে আয়না ব্যবহার করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় রাখা প্রয়োজন, যা পুরো ইন্টেরিয়রের সৌন্দর্য ও ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। প্রথমেই ঘরের আকার ও দেয়ালের পরিসর ভালোভাবে বুঝে নেওয়া জরুরি। ছোট ঘরে খুব বড় আয়না ব্যবহার করলে তা ভারী ও অস্বস্তিকর লাগতে পারে, আবার বড় ঘরে ছোট আয়না দিলে সেটি হারিয়ে যেতে পারে। তাই জায়গার সঙ্গে সামঞ্জস্য রেখে আয়নার সঠিক মাপ নির্বাচন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আয়না কোথায় স্থাপন করা হচ্ছে, সেটিও একটি বড় বিষয়। আলো আসে এমন জায়গা, বিশেষ করে জানালার পাশে বা বিপরীত দেয়ালে আয়না রাখলে ঘরে প্রাকৃতিক আলো আরও ভালোভাবে ছড়িয়ে পড়ে। এতে ঘর শুধু উজ্জ্বলই হয় না, বরং একটি সতেজ ও প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়। তবে এমন জায়গায় আয়না রাখা উচিত নয় যেখানে সরাসরি চোখে অস্বস্তিকর আলো প্রতিফলিত হয় বা অতিরিক্ত ঝলকানি তৈরি হয়।
আয়নার ফ্রেম নির্বাচনেও ঘরের সামগ্রিক সাজের সঙ্গে মিল রাখা খুব জরুরি। আধুনিক মিনিমাল ইন্টেরিয়রের জন্য সিম্পল বা ফ্রেমবিহীন আয়না ভালো মানায়, অন্যদিকে ক্লাসিক বা কাঠের আসবাবপত্রের সঙ্গে কাঠের ফ্রেমের আয়না বেশি মানানসই হয়। ঘরের ডিজাইনের সঙ্গে না মিলিয়ে আলাদা স্টাইলের আয়না ব্যবহার করলে পুরো সাজে অসামঞ্জস্য দেখা দিতে পারে।