জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে রিমান্ডে নিয়ে তিনদিন জিজ্ঞাসাবাদ করার আদেশ দেওয়া হয়েছে।
রবিবার (২৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুনানির আগে তাকে আদালতে হাজির করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল সরকার দশ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
আবেদনে বলা হয়, গত ১৮ জুন সকাল সাড়ে ৯টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার শহিদ তাজউদ্দীন আহমদ সরণিতে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সরকার বিরোধী শ্লোগান দিয়ে মিছিল করে ও ককটেল বিস্ফোরণ ঘটায়। সেখান থেকে গ্রেপ্তার করা নেতা-কর্মীদের হেফাজত থেকে বিভিন্ন পোস্টার, ব্যানার, একটি প্রেস কার্ড, ককটেল তৈরির সরঞ্জাম এবং ভিলেওন ব্র্যান্ডের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে আসামির সম্পৃক্ততা যাচাই, নাশকতার অর্থদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্ত করাসহ ককটেল তৈরির উৎস উদ্ঘাটনের জন্য গ্রেপ্তার আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
শনিবার (২৭ জুন) রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জলিল উজ্জ্বল/রিফাত/