নরসিংদীর নাগরিয়াকান্দি সেতু থেকে একটি কুকুরের গলায় দড়ির সঙ্গে ইট বেঁধে মেঘনা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হলো।
পুলিশ জানায়, গত ২৫ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নাগরিয়াকান্দি সেতুর ওপর থেকে একটি কুকুরের গলায় দড়ি বেঁধে এবং দড়ির অপর প্রান্তে ইট সংযুক্ত করে মেঘনা নদীতে ফেলে দেওয়া হয়। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নরসিংদী জেলা পুলিশের নজরে আসে।
পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুকের নির্দেশে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ভিডিওতে দেখা যাওয়া প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় পেনাল কোডের ৪২৯/৩৪ ধারায় মামলা করে তাকে আদালতে পাঠানো হয়।
পরবর্তীতে শনিবার সন্ধ্যায় গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে শাহিনারা বেগমকে (৫২) গ্রেপ্তার করে। একই দিনে পুলিশ নাগরিয়াকান্দী এলাকা থেকে রমজান আলীকে (২২) গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ছুঁড়ে ফেলে হত্যার ঘটনায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে দেশজুড়ে। অসহায় প্রাণীর প্রতি এই নিষ্ঠুর আচরণের ভিডিও অনেকের মতো চোখে পড়েছে প্রধানমন্ত্রীরও। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এরপর পুলিশ আসামি ধরতে জোরালো অভিযান চালায়।
শাওন খন্দকার/আজহার/