রাজশাহীর মোহনপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ইটের আঘাতে এক পশুখাদ্য ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শনিবার (২৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামের ইব্রাহিমের মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মো. আব্দুর রাজ্জাক (৫০) একই গ্রামের বাসিন্দা। তিনি মৌগাছি বাজারে গবাদিপশুর খাদ্যের ব্যবসা করতেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানের সামনে কথা কাটাকাটির একপর্যায়ে কয়েকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ইটের আঘাতে গুরুতর আহত হন আব্দুর রাজ্জাক। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় ভ্যানচালক জুয়েল রানা (১৬) আহত হন। তিনি বর্তমানে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে স্থানীয় মকবুল (৫০), তার ছেলে পশুচিকিৎসক শাহীন (২৬) এবং আরও কয়েকজন জড়িত থাকার অভিযোগ উঠেছে।
ঘটনার পর অভিযুক্তরা ঘরে তালা ঝুলিয়ে আত্মগোপন করেছেন বলে স্থানীয়রা জানান।
নিহতের ছেলে রাজু বলেন, ‘ঘটনার আগের দিন তাদের দুটি আম্রপালি গাছ থেকে স্থানীয় রাসেল আম চুরি করে বিক্রি করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধই পরে সংঘর্ষে রূপ নেয়।’
খবর পেয়ে মোহনপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এবং রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মোহনপুর থানার এসআই জাহাঙ্গীর আলম সরদার জানান, সুরতহাল প্রতিবেদন শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়া চলছে।
এনায়েত/খাদিজা রুমি/