পাবনা সদর উপজেলার দ্বীপচর এলাকায় বিদেশি রিভালভার, পিস্তল, এক রাউন্ড কার্তুজ এবং একটি চাইনিজ কুড়ালসহ রাব্বী (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গত শুক্রবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে পাবনা সদরের দ্বীপচর এলাকার একটি স্কুলগেটের সামনে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুষ্টিয়ায় অভিযান চালিয়ে বাকি অস্ত্রগুলো জব্দ করা হয়।
শরিবার (২৭ জুন) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব বিষয়টি নিশ্চিত করে।
র্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লে. কমান্ডার ওয়াহিদুজ্জামান (এস) বিএন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে রাব্বীকে আটক করা হয়। পরে রাব্বীর দেহ তল্লাশি করে একটি বিদেশি রিভালভার ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা আরও জানান, রাব্বীকে জিজ্ঞাসাবাদে জানা যায় পালিয়ে যাওয়া ব্যক্তির নাম জব্বার প্রামাণিক (৪৫)।
পরবর্তীতে রাব্বীর দেওয়া তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন সাদিপুর ইউনিয়নের চর ঘোষপুর চালাকপাড়া এলাকায় শুক্রবার সন্ধ্যায় জব্বারের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে একটি বিদেশি পিস্তল ও একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়।
আমিনুল জুয়েল/তামান্না রুপা/