ঢাকা ১৪ আষাঢ় ১৪৩৩, রোববার, ২৮ জুন ২০২৬

সর্বশেষ
দৌড়েই সেরে উঠলেন ওয়াসিম স্মৃতির ক্যানভাসে সাগরকন্যা কুয়াকাটা জুলাই গণঅভ্যুত্থান মামলা: সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ কর্মকর্তার মৃত্যুদণ্ড সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস জামালপুরে সন্তান হত্যার অভিযোগে গ্রেপ্তার মা গ্যাসসংকট সমাধানে গুরুত্ব দিয়ে কাজ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী বিশ্বমঞ্চে ইউআইইউ মার্স রোভার সুরের আকাশে নতুন ধূমকেতু রেইথস চারুকলার নান্দনিক কাঠগোলাপ সৌরভের হৃদয়ের খুব কাছে মেসি এ প্লাস মানুষ গড়াই আমাদের লক্ষ্য: এমপি মনজুর টুনটুনির পুকুর দরজার আশায় জমানো লাখ টাকা ফেরত পাননি অসহায় নারী অবাক করা এক মাছ ভাঙ্গায় অধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৫০, মহাসড়কে যানজট সাশ্রয়ী মূল্যে নিম্ন আয়ের মানুষের আবাসনের ব্যবস্থা করবে সরকার: গণপূর্ত মন্ত্রী বুদ্ধিমান প্রজাপতি ও দুষ্টু ফড়িং নির্যাতিত নেতাকর্মীদের পুনর্বাসনে বাজেটে বরাদ্দ চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ষষ্ঠ শ্রেণিতে চালুর উদ্যোগ ‘লার্নিং উইথ হ্যাপিনেস’নামে নতুন বই জনবল নেবে মধুমতি ব্যাংক, আবেদন করুন অনলাইনে বিশ্বকাপ ফুটবলের সোনার কাপের  ইতিহাস রাঙামাটির ছোটহরিনা সীমান্তে পাচারের সময় ৭১ বস্তা সার জব্দ ঈশ্বরদীতে ৩০৮৯৪ শিশু  পাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ব্রাজিলের বিপক্ষে আন্ডারডগ মানসিকতা নিয়েই লড়তে চায় জাপান সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব হিলিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ধামরাইয়ে দুই প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা, বিপাকে শিক্ষক-শিক্ষার্থীরা সিলেট সীমান্ত থেকে ডেটোনেটর, এক্সপ্লোসিভ ও ওয়ান শুটার জব্দ চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবক নিহত ব্যবস্থাপনার ধারণা অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র

চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবক নিহত

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১২:২২ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ১২:৫৩ পিএম
চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবক নিহত
মাহবুব ও রাসেল

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহবুব ও রাসেল নামে দুই যুবক নিহত হয়েছেন।

রবিবার (২৮ জুন) সকাল ৯টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের মোহাজেরপাড়া প্রবেশমুখের আমিনের দোকান সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও একচর গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহতরা হলেন নিহত মাহবুবের ছোট ভাই সাহেদ এবং একই এলাকার বাসিন্দা রাসেল।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মোহাজেরপাড়া থেকে মোটরসাইকেল আরোহী তিন যুবক মূল সড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মাহবুব। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠান। সেখানে রাসেলের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, বরইতলী সড়কের কোল ঘেঁষে প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে বড় বড় লাকড়ির স্তূপ করে অবৈধভাবে ব্যবসা চালাচ্ছে। সড়কের বাঁক ও প্রবেশমুখে এই লাকড়ির স্তূপের কারণে চালকদের দৃষ্টিসীমায় চরম বাধার সৃষ্টি হচ্ছে। মোড়ের ওপাশ থেকে কোনো গাড়ি আসছে কিনা, তা লাকড়ির স্তূপের আড়ালে ঢাকা পড়ে থাকায় চালকেরা আগে থেকে টের পান না।

স্থানীয়দের দাবি, এই চরম অব্যবস্থাপনা এবং সড়কের পাশে অবৈধভাবে লাকড়ি জমিয়ে রাখার কারণেই আজ এই প্রাণহানির ঘটনা ঘটেছে। তারা অবিলম্বে সড়ক থেকে এসব অবৈধ লাকড়ির স্তূপ ও স্থাপনা উচ্ছেদের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চান।

এ বিষয়ে বক্তব্য নেয়ার জন্য চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে (ওসি) যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

রাকিব হাসান/তামান্না রুপা/

সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০২:০৯ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০২:১৩ পিএম
সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস
ছবি: খবরের কাগজ

সাতক্ষীরার সীমান্ত এলাকায় গত ১৬ মাসে বিভিন্ন অভিযানে জব্দ করা ৭৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

রবিবার (২৮ জুন) বেলা ১১টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়।

বিজিবি জানায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে ৪৮ জনকে আটক করা হয়। এ সময় ১২৬ কোটি ৬৬ লাখ ৩৬ হাজার ৮৫৬ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এর মধ্যে প্রায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ছিল।

ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে ৩ হাজার ৭৯১ বোতল মদ, ৪ হাজার ৫২৪ বোতল ফেনসিডিল ও সমজাতীয় মাদক, ৪৭ হাজার ২৭০টি ইয়াবা, ৬ লাখ ৭ হাজার ৭৬৯টি বিড়ি ও সিগারেট, ৩৩ দশমিক ৪ কেজি গাঁজা, ৬৩ লাখ ১৩ হাজার ১২০ পিস অবৈধ ওষুধ, ৩৫ কেজি তামাকের গুঁড়া, দুই বোতল লিকুইড সিসা এবং মাদক তৈরিতে ব্যবহৃত ১০০ কেজি বটপাতা।

এছাড়া ৭২ দশমিক ৫০ মিলিলিটার এলএসডি, প্রায় ৯ কেজি ক্রিস্টাল মেথ এবং আফিম তৈরির ২০ বোতল রাসায়নিকও ধ্বংস করা হয়।

এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, ’মাদকমুক্ত দেশ গঠনে বিজিবি কাজ করছে এবং সীমান্তে দায়িত্ব পালন করে মাদক চোরাচালান প্রতিরোধে ভূমিকা রাখছে।মাদক একটি সামাজিক সমস্যা এবং এটি মোকাবিলায় জনসচেতনতা প্রয়োজন।’

তিনি মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ, খুলনা সেক্টরের সেক্টর কমান্ডার, সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক, র‍্যাব-৬-এর কোম্পানি কমান্ডার এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

জাকির/খাদিজা রুমি/

জামালপুরে সন্তান হত্যার অভিযোগে গ্রেপ্তার মা

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০২:০৭ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০২:১৬ পিএম
জামালপুরে সন্তান হত্যার অভিযোগে গ্রেপ্তার মা
শিশু হত্যায় অভিযুক্ত 'মা' শ্রাবন্তী আক্তার। ছবি: খবরের কাগজ

জামালপুরের মেলান্দহে একমাত্র শিশু সন্তানকে হত্যার অভিযোগে মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৮ জুন) সকালে উপজেলার ভাবকী গোয়ালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৭ জুন) রাতে হুমায়ুন কবির (২৫), শ্রাবন্তী আক্তার (২০) দম্পতির একমাত্র ৯ মাস বয়সী শিশু সন্তান শাওন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। সকালে হুমায়ুন কবিরের ঘুম ভাঙলে তাকিয়ে দেখেন ঘরের সামনের এবং পিছনের দুটি দরজাই খোলা। বিছানায় স্ত্রী শ্রাবন্তী আক্তার ও শিশু সন্তান শাওন নেই। এরপর তিনি তাদেরকে খুঁজাখুঁজি শুরু করেন।

খুঁজাখুঁজির এক পর্যায়ে পার্শ্ববর্তী বেপারীপাড়া এলাকায় তার এক স্বজন বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় শিশু শাওনকে দেখতে পায়। সেখানে শিশু শাওনের মা শ্রাবন্তী আক্তারকেও দেখতে পায়। পরে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে ও হুমায়ুন কবিরের স্বজনরা শ্রাবন্তী আক্তারকে ধরে এনে বাড়ির পাশে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখেন।

অভিযুক্ত শ্রাবন্তী আক্তার জানান, রাত সাড়ে তিনটার দিকে এক ব্যক্তি ঘরের দরজায় টোকা দিলে উঠে দরজা খুলে দেয়। এ সময় মুখোশ পরা ব্যক্তি তার মুখে রুমাল দিয়ে অজ্ঞান করে অটোরিকশায় তুলে নিয়ে ভাবকী বাজার এলাকায় নিয়ে নামিয়ে দেয়। অটোরিকশা থেকে নামানোর পর কিছুটা জ্ঞান ফিরে পাওয়ার পর শ্বশুরবাড়ির লোকজন আমাকে ধরে এনে বেঁধে রাখে।

হুমায়ুন কবির বলেন, ‘এর আগেও কয়েকবার আমার স্ত্রী পালিয়ে গিয়েছে। সে অনেক ছেলের সঙ্গে ফোনে কথা বলে। তার বাবার বাড়ি এবার আসার সময় মোবাইল রেখে আসছে। আমার স্ত্রী আমার শিশুকে হত্যা করেছে। এর আগেও কয়েকবার বিচার সালিস হয়েছে। ওই আমার ছেলেকে মেরে ফেলছে।’

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শিশুর মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

আসমাউল আসিফ/আজহার/

এ প্লাস মানুষ গড়াই আমাদের লক্ষ্য: এমপি মনজুর

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০১:৪৪ পিএম
এ প্লাস মানুষ গড়াই আমাদের লক্ষ্য: এমপি মনজুর
ছবি: খবরের কাগজ

পরীক্ষার ফলাফলে শুধু এ প্লাস নয়, এ প্লাস মানুষ গড়াই মুল লক্ষ্য বলে জানিয়েছেন নরসিংদী-শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী।

শনিবার (২৭ জুন) সকালে নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের আনুষ্ঠানিক বিদায় উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

এমপি বলেন, ‘শিক্ষার মান বজায় রেখে সঠিক মানুষ গড়ে তোলার ক্ষেত্রে ইনডিপেনডেন্ট কলেজ একটি অনুকরণীয় প্রতিষ্ঠান। এখানে শুধু ভালো ফলাফল অর্জনের জন্য নয়, আদর্শ ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে তোলার দিকেও সমান গুরুত্ব দেওয়া হয়। আর এ প্লাস নয়, এ প্লাস মানুষ গড়াই আমাদের মুল লক্ষ্য।’

কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও সংসদ সদস্য মনজুর এলাহী।

এমপি আরও বলেন, প্রতিষ্ঠানটি জেলার শিক্ষাঙ্গনে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে। বিদায়ী শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও কর্মজীবনে সাফল্যের পাশাপাশি দেশ ও সমাজের জন্য দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে- এটাই প্রত্যাশা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও আবেদ টেক্সটাইলের পরিচালক মাহবুবুর রহমান মনির, আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু, নরসিংদী কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন এবং সমাজসেবক ফারুক সরকার। 

এছাড়া জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

শাওন খন্দকার/অদিতি/

দরজার আশায় জমানো লাখ টাকা ফেরত পাননি অসহায় নারী

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০১:৩৩ পিএম
দরজার আশায় জমানো লাখ টাকা ফেরত পাননি অসহায় নারী
ছবি: সংগৃহীত

মাগুরার মহম্মদপুর উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারীর সংগ্রহ করা প্রায় এক লাখ টাকা ফেরত না পাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সরকারি ভবনের একটি খোলা প্রকোষ্ঠে দরজা স্থাপনের উদ্দেশ্যে মানুষের সহায়তায় জমানো ওই টাকা উপজেলা পরিষদে জমা দেওয়ার পরও তা তার হাতে পৌঁছে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
 
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে স্থানীয় এক ইউপি সদস্য ও উপজেলা পরিষদের এক প্রশাসনিক কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী।
 
খুরশিদা বেগম দীর্ঘদিন ধরে তার ছেলেকে নিয়ে মহম্মদপুর উপজেলা পরিষদ চত্বরে মানবেতর জীবন কাটাচ্ছেন।
 
সম্প্রতি উপজেলা পরিষদের প্রধান ফটকের পাশের একটি খোলা প্রকোষ্ঠে বসবাস শুরু করেন খুরশিদা। সেখানে দরজা না থাকায় নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন তিনি। পরে ওই প্রকোষ্ঠে একটি দরজা লাগানোর জন্য তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে সহায়তা নিয়ে প্রায় এক লাখ টাকা সংগ্রহ করেন।
 
জানা গেছে, গত ১০ জুন স্থানীয়দের উপস্থিতিতে খুরশিদা বেগম উপজেলা পরিষদের নাজিরখানায় তার সংগ্রহ করা অর্থ জমা দেন এবং প্রকোষ্ঠে একটি দরজা স্থাপনের অনুরোধ জানান।
 
বিষয়টি জানার পর ইউএনও বেদবতী মিস্ত্রী তাকে একটি ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন এবং জমা রাখা টাকা ফেরত নেওয়ার পরামর্শ দেন। তবে খুরশিদা ওই সময় টাকা না নিয়েই সেখান থেকে চলে যান।
 
পরে ইউএনও স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম এবং উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলামকে টাকাগুলো খুরশিদা বেগমের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেন। অভিযোগ রয়েছে, দায়িত্ব পাওয়ার প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও তারা টাকা দেননি।
 
ঘটনাটি জানার পর গত ২৪ জুন (বুধবার) ওই দুই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশ দেন ইউএনও। সেখানে দায়িত্ব পালনে অবহেলার বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।
 
ইউএনও বলেন, একজন অসহায় নারীর সঙ্গে এ আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তাদের জবাব সন্তোষজনক না হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 
ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তাদের দাবি, দরজা লাগানোর আশায় মানুষের দ্বারে দ্বারে ঘুরে যে নারী কষ্ট করে অর্থ সংগ্রহ করেছেন, সেই অর্থও যদি নিরাপদ না থাকে, তাহলে দায়িত্বশীলদের জবাবদিহিতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে।

কাশেমুর রহমান/অদিতি/

ভাঙ্গায় অধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৫০, মহাসড়কে যানজট

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০১:৩১ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০২:০১ পিএম
ভাঙ্গায় অধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৫০, মহাসড়কে যানজট
ছবি: খবরের কাগজ

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে আশপাশের অন্তত ১৬টি গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ এখনও চলমান রয়েছে। এতে কমপক্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন এবং ফরিদপুর-বরিশাল মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। 

রবিবার (২৮ জুন) সকাল ৮টার দিকে উপজেলার হামিরদী ও মানিকদাহ ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রথমে ধাওয়া পাল্টাধাওয়া ও পরে দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক থানার পুলিশ কাজ করছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পুকুরিয়া বাসস্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে হামেরদী ইউনিয়নের ১১ গ্রামের সঙ্গে পাশের মানিকদহ ইউনিয়নের পুকুরিয়া মৌজার পাঁচ গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধ ছিল। পরে শনিবার সন্ধ্যায় মহেশ্বরদী গ্রামের বাসিন্দা আব্দুল কালাম পুকুরিয়া বাসস্ট্যান্ডে গেলে তাকে বেধড়ক মারা হয়। এর জেরে রবিবার সকাল আটটার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এরপর দুই পক্ষ ইট ছুড়ে মারতে থাকেন এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এ ঘটনায় মহাসড়ক অবরোধ করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, এ সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। এদের মধ্যে সাংবাদিক ও পুলিশ সদস্যও রয়েছেন।

পুলিশ জানায়, ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পুকুরিয়া বাসস্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে মানিকদাহ ইউনিয়নের সুলতান মাতুব্বর ও হামিরদী ইউনিয়নের সিরু মোল্লার সমর্থকদের মধ্যে আজ সকালে পুকুরিয়া বাসস্ট্যান্ডে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক টিয়ারশেল নিক্ষেপ করে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। একই সঙ্গে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকে পড়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খবরের কাগজকে জানান, সংঘর্ষ ঠেকানোর চেষ্টা এবং পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে। ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ চেয়ে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন খবরের কাগজকে বলেন, আমাদের একাধিক টিম ঘটনাস্থলে আছে। তবে শত শত গ্রামবাসী মহাসড়কে উঠে পড়েছেন। এজন্য আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছি না।

উল্লেখ্য, দুপুর একটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ অব্যাহত রয়েছে এবং মহাসড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এনকেবি নয়ন/থিওটোনিয়াস