সাতক্ষীরার সীমান্ত এলাকায় গত ১৬ মাসে বিভিন্ন অভিযানে জব্দ করা ৭৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
রবিবার (২৮ জুন) বেলা ১১টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব মাদক ধ্বংস করা হয়।
বিজিবি জানায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে ৪৮ জনকে আটক করা হয়। এ সময় ১২৬ কোটি ৬৬ লাখ ৩৬ হাজার ৮৫৬ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়। এর মধ্যে প্রায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য ছিল।
ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে ৩ হাজার ৭৯১ বোতল মদ, ৪ হাজার ৫২৪ বোতল ফেনসিডিল ও সমজাতীয় মাদক, ৪৭ হাজার ২৭০টি ইয়াবা, ৬ লাখ ৭ হাজার ৭৬৯টি বিড়ি ও সিগারেট, ৩৩ দশমিক ৪ কেজি গাঁজা, ৬৩ লাখ ১৩ হাজার ১২০ পিস অবৈধ ওষুধ, ৩৫ কেজি তামাকের গুঁড়া, দুই বোতল লিকুইড সিসা এবং মাদক তৈরিতে ব্যবহৃত ১০০ কেজি বটপাতা।
এছাড়া ৭২ দশমিক ৫০ মিলিলিটার এলএসডি, প্রায় ৯ কেজি ক্রিস্টাল মেথ এবং আফিম তৈরির ২০ বোতল রাসায়নিকও ধ্বংস করা হয়।
এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, ’মাদকমুক্ত দেশ গঠনে বিজিবি কাজ করছে এবং সীমান্তে দায়িত্ব পালন করে মাদক চোরাচালান প্রতিরোধে ভূমিকা রাখছে।মাদক একটি সামাজিক সমস্যা এবং এটি মোকাবিলায় জনসচেতনতা প্রয়োজন।’
তিনি মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ, খুলনা সেক্টরের সেক্টর কমান্ডার, সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক, র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
জাকির/খাদিজা রুমি/